প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
সংগৃহীত ছবিপ্রায় আড়াই বছর পর আবারও মঞ্চে আসছে নাট্যদল প্রাঙ্গণেমোরের জনপ্রিয় নাটক ‘অভিনেতা’। তবে এবার নাটকটি মঞ্চায়িত হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন উপস্থাপনায়। আগামী ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
অনন্ত হিরার রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। নিজের দলের হয়ে এটি তার ষষ্ঠ নির্দেশনা। অভিনেতা নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— অনন্ত হিরা, নূনা আফরোজ ও সবুক্তগীন শুভ।
নাটকের গল্পে দেখা যাবে, কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, সবাই কবি নয়, কেউ কেউ কবি।’ একই ভাবনার উত্তরাধিকার সবাই অভিনেতা, কেউ কেউ শিল্পী। প্রাঙ্গণেমোরের ‘অভিনেতা’ শুধু অভিনেতা নয়, বিনোদনকর্মী নয়, সে প্রকৃত শিল্পী।
সমগ্র পৃথিবীতে বোধকরি আজ পর্যন্ত এমন কোনো নাটক লেখা বা অভিনীত হয়নি, যে নাটকে কোনো না কোনোভাবে অন্যায়, সামাজিক অনাচার, অমানবিকতা বা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয়নি, প্রতিবাদ করা হয়নি। আর সে কারণেই নাটক কোনো কালে কোনো দেশেই রাজকীয় বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তেমন করে পায়নি; যেমনটা পেয়েছে সংগীত, নৃত্যকলা, চিত্রকলা কিংবা সাহিত্যের অন্যান্য শাখায়।
এই নাটকের অভিনেতা একজন শিল্পী এবং শিল্পযোদ্ধা। সে বাঁচে বাংলাদেশে, কিন্তু সে লড়াই করে পৃথিবীর সব বঞ্চিত, নিপীড়িত মানুষের জন্য, মানুষের হয়ে। পৃথিবীর যেকোনো প্রান্তে যেকোনো কুসংস্কার, ধর্মান্ধতা, রাষ্ট্রীয় বা সামাজিক অনাচার, অমানবিকতা, অপসংস্কৃতি ও রুচিহীনতার বিরুদ্ধে সে আজীবন লড়াকু।
সময়ের আলো/কেএইচও