প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৫১ পিএম আপডেট: ২৮.১০.২০২৬ ১১:৫৯ পিএম
ধরমন সিনেমার পোস্টারের সঙ্গে নয়ন্তারার ছবি । ছবি : সংগৃহীত দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। তামিল, তেলেগু ও মালয়ালম— তিন ভাষার সিনেমাতেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে তৈরি করেছেন আলাদা পরিচিতি। এবার নতুন সিনেমা ঘিরে আলোচনায় এই অভিনেত্রী।
‘ধরমন’ নামে অ্যাকশন ড্রামায় যুক্ত হয়েছেন তিনি। তবে নতুন সিনেমাটিতে নয়নতারার চরিত্রের ধরন কিংবা গল্পে তার ভূমিকা বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ‘ধরমন’ সিনেমাটি পরিচালনা করবেন অশ্বথ মারিমুথু। শিগগিরই সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন নয়নতারা।
‘ধরমন’ সিনেমাটিতে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত। এর আগে নয়নতারা ও রজনীকান্ত ‘আন্নাথি’ সিনেমায় অভিনয় করেছিলেন। সেটি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কোনো সিনেমায় দেখা যায়নি নয়নতারা ও রজনীকান্তকে। এবার দেখা যাবে ‘ধরমন’ সিনেমায়। দুই তারকার পুনর্মিলনের খবরে দক্ষিণি সিনেমার দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
প্রযোজনার দায়িত্বে রয়েছে কমল হাসানের প্রতিষ্ঠান রাজ কমল ফিল্মস। নির্মাতা, প্রযোজনা প্রতিষ্ঠান ও অভিনয়শিল্পীদের সমন্বয়ে ‘ধরমন’ নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে কৌতূহল। বিশেষ করে রজনীকান্তের মতো জনপ্রিয় তারকার সঙ্গে নয়নতারার আবারও কাজের বিষয়টি সিনেমাটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছর মুক্তি পেতে পারে ‘ধরমন’। তবে শুটিংয়ের সূচি, অন্যান্য অভিনয়শিল্পীর নাম এবং সিনেমার গল্প নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত ঘোষণা এখনও আসেনি।
প্রসঙ্গত, দক্ষিণি চলচ্চিত্রে নয়নতারার দীর্ঘ পথচলা তাকে আলাদা পরিচিতি দিয়েছে। ২০২৩ সালে শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমার দর্শকদের কাছে নতুনভাবে পরিচিত হন এই অভিনেত্রী।
অ্যাটলি পরিচালিত সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হওয়ায় তার জনপ্রিয়তা দক্ষিণ ভারতের বাইরেও বিস্তৃত হয়।
চরিত্রের ধরন অনুযায়ী নিজেকে পর্দায় সুন্দর উপস্থাপন করেন নয়নতারা। কখনো রোমান্টিক গল্পের নায়িকা, কখনো প্রতিশোধপরায়ণ নারী, আবার কখনো গল্পের কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখা গেছে তাকে।
সময়ের আলো/প্রিন্ট/এসকে