প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪২ পিএম
অভিনেত্রী সামিরা খান মাহি । ছবি : সংগৃহীতএবার একান্নবর্তী পরিবারের টানাপোড়েন, দায়িত্ববোধ আর এক মেয়ের সংগ্রামের গল্প নিয়ে নির্মিত মিনি সিরিজ নিয়ে দর্শকদের সামনে হাজির হলেন সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। মো. ওমর ফারুকের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘মায়ার সংসার’ নামের সিরিজটির প্রচার শুরু হয়েছে সম্প্রতি। সিরিজটিতে মাহির সঙ্গে আরও অভিনয় করেছেন— নাদের চৌধুরী, মনিরা মিঠু, জোনায়েদ বোগদাদী, সৈয়দ মুসাফির বাচ্চু ও এরফান মৃধা শিবলুসহ অনেকে।
মায়ার সংসারের গল্প ঢাকার একটি একান্নবর্তী পরিবারকে ঘিরে। পরিবারের বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। মা-বাবার সঙ্গে থাকলেও দুই ছেলে তাদের খরচ বহন করে না। অন্যদিকে পরিবারের একমাত্র মেয়ের বিয়ের বয়স হয়েছে। এক পর্যায়ে মা-বাবার পাশে দাঁড়াতে এবং তাদের জন্য সংগ্রাম শুরু করে মেয়েটি। নিজের চেষ্টায় স্বাবলম্বী হওয়ার আকাঙ্ক্ষা, পারিবারিক দায়িত্ব এবং মধ্যবিত্ত জীবনের বাস্তবতা উঠে আসবে এই সিরিজে।
এই মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। মাহি বললেন, ‘পরিবারের সংগ্রামের গল্প নিয়ে এই সিরিজ। আমার অভিনীত চরিত্রটিকে ঘিরেই মূল কাহিনি। মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। তার জীবনের সংগ্রাম দেখা যাবে এতে। মেয়েটি কারও করুণা ছাড়া নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করে।’
এর আগেও পারিবারিক গল্পের আরেকটি মিনি সিরিজ ‘কর্মফল’-এ অভিনয় করেছেন মাহি। এ ধরনের গল্পে কাজ করা প্রসঙ্গে মাহি বলেন, ‘পারিবারিক গল্পের সঙ্গে দর্শক নিজেদের জীবনের মিল খুঁজে পান। এসব গল্পে একটি চরিত্রের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও গুরুত্ব থাকে। ফলে অনেক শিল্পীর সঙ্গে কাজ করার এবং জ্যেষ্ঠ অভিনয়শিল্পীদের কাছ থেকে শেখার সুযোগ তৈরি হয়। আমারও এ ধরনের নাটকের প্রতি আগ্রহ বেশি।’
সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার দুপুর ১২টায় দেখা যাবে এটি। সিরিজটি প্রযোজনা করছেন নাট্যনির্মাতা ও প্রযোজক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
সময়ের আলো/প্রিন্ট/এসকে