প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৪২ এএম
কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস গ্রাফিক । ছবি : সংগৃহীতকোক স্টুডিও বাংলার সংগীতের আবহ ছড়িয়ে দিতে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ শীর্ষক একটি আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা শুরু করেছে কোকা-কোলা বাংলাদেশ। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশেষ কোক স্টুডিও বাংলা কনসার্ট আয়োজনের সুযোগ পাবেন।
প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসের ক্যান্টিন থেকে কোকা-কোলার কোনো পণ্য কিনলে একটি স্ক্র্যাচ কার্ড পাবেন, সেখানে থাকবে একটি ইউনিক কোড। ক্যাম্পেইনের মাইক্রোসাইটে কোডটি ব্যবহার করে তারা নিজেদের বিশ্ববিদ্যালয়ের জন্য ভোট দিতে পারবেন। প্রতিযোগিতার অগ্রগতি দেখার জন্য থাকবে একটি লাইভ লিডারবোর্ড। সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয় প্রত্যেকে নিজেদের ক্যাম্পাসে একটি করে বিশেষ কোক স্টুডিও বাংলা কনসার্ট আয়োজনের সুযোগ পাবে।
গত ২৬ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। দেশের ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, ভোটিং এবং ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবেন। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে শুরু হয়েছে প্রতিযোগিতাটি পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পৌঁছাবে। প্রতিযোগিতায় সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে কোক স্টুডিও বাংলার বিশেষ কনসার্ট।
ভোট দেওয়ার পাশাপাশি ‘ফাইন্ড দ্য নেক্সট ক্যাম্পাস পারফরমার’ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নিজেদের সংগীত প্রতিভা তুলে ধরার সুযোগও তৈরি করবে কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার ডেডিকেটেড রেকর্ডিং স্টুডিও কিয়স্কে গিয়ে কোক স্টুডিও বাংলার যেকোনো গানের কভার পারফরম্যান্স রেকর্ড করতে পারবেন। সেই রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কোক স্টুডিও বাংলাকে ট্যাগ করতে হবে। ক্যাম্পেইনের ওয়েবসাইটে ভিডিওর লিংক জমা দেওয়ার পর বিজয়ী প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সেরা পারফরম্যান্স এবং সর্বোচ্চ সামাজিক যোগাযোগমাধ্যম এনগেজমেন্ট অর্জনকারী শিক্ষার্থীকে ক্যাম্পাস কনসার্টে গান গাওয়ার সুযোগ দেওয়া হবে।
এই প্রসঙ্গে কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর লায়লা ফারজানা বলেন, কোক স্টুডিও বাংলা সবসময়ই সংগীতের মাধ্যমে মানুষকে একত্রিত করেছে এবং প্রতিভাকে উদযাপন করে এসেছে। কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাসের মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতাকে তরুণদের আরও কাছে নিয়ে যেতে চাই এবং তাদের নিজেদের মতো করে এই অভিজ্ঞতার অংশগ্রহণের সুযোগ দিতে চাই। নিজেদের বিশ্ববিদ্যালয়ের জন্য বন্ধুদের নিয়ে ভোটের প্রচার চালানো থেকে শুরু করে রেকর্ডিং বুথে পারফর্ম করা। আমরা আশা করি শিক্ষার্থীরা এই প্রতিযোগিতাকে আপন করে নেবেন এবং ক্যাম্পাসজুড়ে স্মরণীয় কিছু মুহূর্ত তৈরি করবেন।
সময়ের আলো/প্রিন্ট/এসকে