রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের বিষয়ে নিজের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি

2026-07-24T14:47:25+00:00
2026-07-24T15:16:17+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই : স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:৪৭ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৩:১৬ পিএম
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের বিষয়ে নিজের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি কী সিদ্ধান্ত নেবেন, সেটি তাঁর জানা নেই।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিমানবন্দরে স্পিকারকে স্বাগত জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। এখানে কে পদত্যাগ করবেন বা করবেন না, সে বিষয়ে আমার কিছু জানা নেই। এখন দেশে এসেছি, বিষয়টি জানতে পারব। তবে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তাহলে তিনি স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দেবেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এটাই সাংবিধানিক প্রক্রিয়া।’

রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধানেই এ বিধান রয়েছে। রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর তিন মাসের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে।’

নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে আসার কারণ জানতে চাইলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমার ঢাকায় কিছু ব্যক্তিগত কাজ ছিল। গতকাল স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ায় আজ দেশে ফিরে এসেছি।’


গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককে যান স্পিকার। নির্ধারিত সময়ের দুই দিন আগেই তাঁর দেশে ফেরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনাকে আরও জোরালো করেছে। কারণ, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে তাঁর পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দিতে হয়। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

এরই মধ্যে কয়েক দিন ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। বিভিন্ন দায়িত্বশীল সূত্রের দাবি, তিনি আজ বা আগামী কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন।

এদিকে, সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বঙ্গভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি বিদায়ের প্রস্তুতির কথা উল্লেখ করেছেন।

অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার রাত ১০টা ২৩ মিনিটে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, তিনটি সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন। তবে বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলোর পরিচয় প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। সেই হিসাবে তাঁর বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   রাষ্ট্রপতি  পদত্যাগ  কিছু জানা নেই  স্পিকার হাফিজ উদ্দিন আহমদ  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: