জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা : কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

কুমিল্লা সংবাদদাতা

সারাদেশ

জলাবদ্ধতাসহ নানা অব্যবস্থাপনার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষককে একযোগে বদলি করেছে সরকার। শুক্রবার (২৪

2026-07-24T16:51:59+00:00
2026-07-24T16:51:59+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা : কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:৫১ পিএম 
সংগৃহীত ছবি
জলাবদ্ধতাসহ নানা অব্যবস্থাপনার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষককে একযোগে বদলি করেছে সরকার। শুক্রবার (২৪ জুলাই) কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। একসঙ্গে সাত শিক্ষকের বদলির ঘটনায় জেলার শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কলেজের উপাধ্যক্ষ একেএম জহিরুল আলমকে চৌদ্দগ্রামের চিওড়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে, গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেককে কক্সবাজার সরকারি কলেজে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়াকে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ উল্লাহ মজুমদারকে লক্ষ্মীপুর সরকারি কলেজে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজে, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আল-আমিনকে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীনকে বরগুনা সরকারি কলেজে বদলি করা হয়েছে। তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজ সূত্র জানায়, উপাধ্যক্ষ একেএম জহিরুল আলম সরাসরি পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন না। গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেক জ্যেষ্ঠ শিক্ষকদের অনীহার কারণে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছিলেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়া ছিলেন পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক।


উল্লেখ্য, গত ১৩ জুলাই কুমিল্লায় ভারি বর্ষণে সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে গিয়ে পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। পরে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ডিঙি নৌকার ব্যবস্থা করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেন। নৌকায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সারা দেশের গণমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়েন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে গেলে তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে নির্দেশ দেন।

এরপর গত ১৮ জুলাই কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কলেজটি পরিদর্শনে যান। এ সময় তিনি কলেজে জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ জানিয়ে কলেজের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বলেন, এ ঘটনার কারণে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কুমিল্লা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে এত শিক্ষক বদলির ঘটনা এটাই প্রথম। এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। ওই ঘটনায় শিক্ষকদের কোনো ত্রুটি ছিল কি না, তা মন্ত্রণালয় খতিয়ে দেখছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   কুমিল্লা সরকারি মহিলা কলেজ  এইচএসসি পরীক্ষা  বদলি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: