ভারতে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন এনডিএ সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে যে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সরকারি সূত্র।
সরকারের শীর্ষস্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়টি বিবেচনায় নেই। সূত্রের দাবি, সরকার মনে করছে পদত্যাগ করা "সবচেয়ে সহজ সিদ্ধান্ত", তবে তারা শিক্ষামন্ত্রীর পাশে রয়েছে। এনডিটিভির খবরে এ তথ্য জানা গেছে।
এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, আমরা তা পালন করব।
তিনি আরও বলেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর সমস্যাগুলোর একটি তালিকা তৈরি করা হচ্ছে। খুব শিগগিরই এসব সমস্যার সমাধান করা হবে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত অনেক চক্রকে আমরা ধরেছি। আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সিজেপির দাবি অব্যাহত, নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৫৭ বছর বয়সী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছে সিজেপির নেতৃত্বাধীন ছাত্র আন্দোলন।
শুক্রবার কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকেও নিজেদের অবস্থানে অনড় থাকে সংগঠনটি। দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় অনুষ্ঠিত বৈঠকের পর সিজেপি জানায়, পদত্যাগের দাবি নিয়ে সিদ্ধান্ত জানানোর জন্য কেন্দ্র শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে।
বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা এবং প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিত্ব করেন জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রানকা।
বৈঠক শেষে আশুতোষ রানকা বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে সরকার আগামীকাল দুপুর পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করছি সরকার দ্রুত তাকে সরিয়ে দেবে। পাশাপাশি নিট অনিয়মের কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের ক্ষতিপূরণ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর ও মামলা প্রত্যাহারের দাবিতে সরকার নীতিগত সম্মতি দিয়েছে।
ক্ষতিপূরণ ও মামলা প্রত্যাহারের দাবি
সিজেপির দাবি, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না এবং সাম্প্রতিক পরীক্ষা অনিয়মে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
এই দুটি দাবিতে সরকার ইতিবাচক অবস্থান নেওয়ার পরই সংগঠনটি আলোচনায় বসতে রাজি হয় বলে জানা গেছে।
তবে সিজেপির প্রধান দাবি— ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ থেকে তারা এখনো সরে আসেনি। সংগঠনটির বক্তব্য, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সময়ের আলো/ইউএমএইচ