নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন ইস্যুতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর নেতৃত্বে গত ২০ জুলাই অনুষ্ঠিত ‘চলো সংসদ’ কর্মসূচির ঘটনায় জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) বা অন্য কোনো বিশেষায়িত সংস্থার মাধ্যমে তদন্তের আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে দিল্লি হাইকোর্ট।
শুক্রবার (২৪ জুলাই) প্রধান বিচারপতি ডি. কে. উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ এ-সংক্রান্ত জনস্বার্থ মামলা (পিআইএল) শুনানি শেষে আবেদনটি প্রত্যাহারের অনুমতি দিয়ে খারিজ করে দেন।
আদালত পর্যবেক্ষণে বলেন, কর্মসূচিকে ঘিরে যে ভাঙচুর বা আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত রয়েছে এবং তারা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বেঞ্চ আরও বলেন, কোনো ঘটনার তদন্তের দায়িত্ব এনআইএকে দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন্দ্র সরকারের, আদালতের নয়।
শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের পর্যবেক্ষণের পর আবেদনকারীর আইনজীবীকে জনস্বার্থ মামলাটি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে বলেন।
এরপর আবেদনকারীর পক্ষ থেকে মামলাটি প্রত্যাহারের আবেদন জানানো হলে আদালত বলেন, জনস্বার্থ মামলাটি প্রত্যাহার হিসেবে খারিজ করা হলো।
উল্লেখ্য, গত ২০ জুলাই নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির নেতৃত্বে দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, টিয়ার গ্যাস নিক্ষেপ ও একাধিক শিক্ষার্থী আটক হওয়ার ঘটনা ঘটে।
সময়ের আলো/ইউএমএইচ