পঞ্চগড়ে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় প্রযুক্তি বিষয়ক ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘এমডিটি ইনোভেশনস এসডিএন বিএইচডির’ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, কারিগরি সহযোগিতা এবং পঞ্চগড়ে সোলার প্লান্ট নির্মাণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শনিবার (২৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে সভায় মালয়েশীয় প্রতিনিধি দল তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের ও বন্ধুত্বপূর্ণ। বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। মালয়েশিয়ার এই শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা পঞ্চগড় জেলাসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও উল্লেখ করেন, পঞ্চগড়ে বিদেশি বিনিয়োগের জন্য চমৎকার পরিবেশ রয়েছে এবং এখানে বিনিয়োগকারীদের যাবতীয় প্রশাসনিক সুযোগ সুবিধা প্রদান করা হবে।
সভায় মালয়েশীয় প্রতিনিধি দলের প্রধান ও এমডিটি ইনোভেশনসের প্রধান পরিচালনা কর্মকর্তা সিম হন ওয়াই এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা বিজয় শঙ্কর তাদের প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রযুক্তি, আইওটি সলিউশন এবং আইসিটি খাতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তারা বিশেষ করে পঞ্চগড়ে সোলার প্লান্ট নির্মাণের বিষয়ে অধিকতর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এই মতবিনিময় সভার মাধ্যমে পঞ্চগড়ে শিল্পায়ন ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সময়ের আলো/মহু