সাগরে ৩৬ দিন কাঁচা মাছ খেয়ে বেঁচে থাকার পর অবশেষে উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা

সারাদেশ

বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ায় দিকভ্রান্ত হয়ে টানা ৩৬ দিন সাগরে ভেসে থাকার পর পিতা-পুত্র দুই শ্রীলঙ্কান জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

2026-07-25T20:32:25+00:00
2026-07-25T20:32:25+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
সাগরে ৩৬ দিন কাঁচা মাছ খেয়ে বেঁচে থাকার পর অবশেষে উদ্ধার
কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:৩২ পিএম 
সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ায় দিকভ্রান্ত হয়ে টানা ৩৬ দিন সাগরে ভেসে থাকার পর পিতা-পুত্র দুই শ্রীলঙ্কান জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) তাদের মহেশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার হওয়া দুই শ্রীলঙ্কান জেলের ভাষ্যমতে, গভীর রাতে মাছ ধরার সময় হঠাৎ তীব্র বৈরী আবহাওয়ার কবলে পড়ে তাদের বহনকারী ড্যানিশ ফিশিং বোটের ইঞ্জিন সম্পূর্ণ বিকল হয়ে যায়। এরপর ইঞ্জিন অচল অবস্থায় স্রোতের টানে ভেসে যেতে যেতে তারা অনিয়ন্ত্রিতভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন।

তাদের দাবি, সাগরে অসহায় অবস্থায় ভেসে থাকার সময় জলদস্যুরা তাদের ওপর হামলা চালায়। এ সময় বোটে থাকা সব মূল্যবান মালামাল ও খাবারের রসদ লুট করে নিয়ে যায় দস্যুরা। উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য, টানা ৩৬ দিন সাগরে ভেসে থেকে কাঁচা মাছ খেয়ে তারা বেঁচে ছিলেন।


স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার গভীর রাতে মাছ ধরা শেষে ঘাটে ফেরার পথে ‘গুলিরধার’ নামের সামুদ্রিক এলাকায় ভাসমান একটি ড্যানিশ বোট ও দুই বিদেশি জেলেকে দেখতে পায়। পরে মানবিক কারণে ট্রলারের জেলেরা বাবা-ছেলেকে উদ্ধার করেন। একই সঙ্গে বিকল বোটটি নিজেদের ফিশিং ট্রলারের পেছনে বেঁধে তাজিয়াকাটা ঘাটে নিয়ে আসেন।

উদ্ধারের পর দুই শ্রীলঙ্কান জেলে বোটের মালিক জিয়াউর রহমানের বাড়িতে সাময়িকভাবে আশ্রয়ে ছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া ড্যানিশ বোটে কোনো ধরনের মালামাল বা জিনিসপত্র ছিল না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সুলতান বলেন, উদ্ধার হওয়া দুই বিদেশি জেলেকে নিরাপদ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিচয় নিশ্চিতকরণসহ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে যোগাযোগ করা হচ্ছে।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   মহেশখালী  শ্রীলঙ্কা  কাঁচা মাছ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: