সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে হঠাৎ একটি বাঘের উপস্থিতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) শ্যালা নদীর পাড় ধরে এসে বাঘটি বন অফিসের সামনের খোলা জায়গায় কিছুক্ষণ অবস্থান করে চারপাশ পর্যবেক্ষণ করে আবার গভীর জঙ্গলে চলে যায়। এ সময় বনকর্মীরা ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন।
বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেখা যাওয়া বাঘটি গত ১৩ জুলাই সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনী নয়। এটি সুন্দরবনের অন্য একটি বাঘিনী হতে পারে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বাঘের বিচরণ আগের তুলনায় বেড়েছে। আন্ধারমানিক এলাকায় বন অফিসের সামনে বাঘের উপস্থিতি তারই একটি প্রমাণ। বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি জানান, আট কিলোমিটার এলাকায় স্থাপন করা ২০টি ক্যামেরা ট্র্যাপে নতুন করে তিনটি বাঘের ছবি পাওয়া গেছে। একই সঙ্গে বিভিন্ন বন্যপ্রাণীর চলাচলের তথ্যও ক্যামেরায় ধরা পড়েছে। বনকর্মীরা টহলের সময় আগের তুলনায় বেশি বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছেন, যা সুন্দরবনের বাঘের সংখ্যা ও বিচরণ বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনে বাঘসহ অন্যান্য বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করতে নিয়মিত টহল, ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে নজরদারি এবং সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।