ঘের দখল, চাঁদাবাজি কিংবা সরকারি সহায়তা বণ্টনে অনিয়মের মতো ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না বলে মন্তব্য করেছেন বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান।
শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঢুলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে তেলিগাতী ইউনিয়ন বিএনপির আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমনাথ দে বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি অনুযায়ী কৃষিকার্ড ও ফ্যামিলি কার্ডের কার্যক্রম ইতোমধ্যে প্রতিটি উপজেলায় শুরু হয়েছে।’
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের একক প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। দলের ত্যাগী কর্মী এবং সাধারণ মানুষের মন জয় করেই ভোট আদায় করতে হবে।’
কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল।
তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এফ এম শামীম আহসান, মতিউর রহমান বাচ্চু, কৃষক দলের সাবেক সভাপতি মশিউর রহমান শফিক এবং উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌসি হ্যাপী।
এ ছাড়া তেলিগাতী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আলী হোসেনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। সভা পরিচালনা করেন তেলিগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খান বদিউজ্জামান বদি।
সময়ের আলো/এমকে