লিটন-নাহিদকে রেখে অস্ট্রেলিয়া সফর

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দেখতে দেখতে ২৩ বছর কেটে গেছে। ২০০৩ সালের পর নিজেদের মাটিতে গত দুই যুগে বাংলাদেশকে আর খেলার আমন্ত্রণ জানায়নি ক্রিকেট

2026-07-27T03:54:16+00:00
2026-07-27T03:54:16+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
খেলা
লিটন-নাহিদকে রেখে অস্ট্রেলিয়া সফর
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:৫৪ এএম 
ছবি : সংগৃহীত
দেখতে দেখতে ২৩ বছর কেটে গেছে। ২০০৩ সালের পর নিজেদের মাটিতে গত দুই যুগে বাংলাদেশকে আর খেলার আমন্ত্রণ জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। অবশেষে জট খুলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা।

আগামী ১৩-১৭ আগস্ট ডারউইনে প্রথম টেস্টে অংশ নেবে দুদল। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলে দেশে ফিরবে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজ সামনে রেখে দুদিন আগেই শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিক শিবির। 

এবার বাংলাদেশও দল ঘোষণা করল। গতকাল অস্ট্রেলিয়া সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তবে ইনজুরির কারণে দলে রাখা হয়নি সেরা দুই মুখ লিটন কুমার দাস ও নাহিদ রানাকে। এই দুজনকে ছাড়াই আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মূল লড়াইয়ে নামার আগে ৬ থেকে ৮ আগস্ট তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

১৫ জনের দলে খুব বেশি চমক নেই। লিটন কুমার দাসের পরিবর্তে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। এক বছর পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরলেন তিনি। তবে জাতীয় দলে ফিরেছেন ৯ মাস পর। সবশেষ গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে টি-টোয়েন্টিতে খেলেছিলেন। জাকের আলীর পাশাপাশি ফিরেছেন সৌম্য সরকারও। তাকে জায়গা দিতে মাহমুদুল হাসান জয়কে সরে যেতে হয়েছে। ফর্মহীনতার কারণে জায়গা হারিয়েছেন মাহমুদুল। ফিরেছেন তরুণ পেসার মুশফিক হাসানও। নাহিদ রানার পরিবর্তে তাকে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে। 

ফেরার দলে রয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার এবং বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং স্পিডস্টার তাসকিন আহমেদ।

কয়েক দিন আগে জিম্বাবুয়ের মাটিতে গিয়ে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। যাচ্ছেতাই পারফরম্যান্স ছিল টাইগারদের। ইনিংস ব্যবধানে লজ্জার হার দেখেছিল নাজমুল শান্তর দল। সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ এখন অস্ট্রেলিয়া সিরিজ। তবে ওই সিরিজে খেলা মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান, তাওহীদ হৃদয়, নাঈম হাসান ও রবিউল হককে অজিদের বিপক্ষে বিবেচনায় রাখেনি বিসিবির নির্বাচক প্যানেল। তাদের অন্তর্ভুক্তি হিসেবে তাসকিন, মিরাজ, মুশফিক হাসানরা সুযোগ পেয়েছেন। তবে বড় এই সিরিজের আগে সব আলোচনা কেড়ে নিয়েছে দলে চোট-জর্জর পরিস্থিতি। অনেকের মতে, সিরিজ শুরুর আগেই রং হারিয়ে ফিকে এখন বাংলাদেশের অস্ট্রেলীয় মিশন।

২০০০ সালে টেস্ট মর্যাদা লাভের তিন বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ খেলে বাংলাদেশ। অ্যাওয়ে ওই সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। ২০০৫ সালে আবারও মুখোমুখি হয় দুদল। এরপর আবার দীর্ঘ বিরতি। এক যুগের অপেক্ষার অবসান ঘটে ২০১৭ সালে। বাংলাদেশের মাটিতে সিরিজ খেলতে আসে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ওই সিরিজে দুর্দান্ত খেলে বাংলাদেশ। প্রথমবার অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পায়। তারপর আবারও বিরতি। ২০২৬ সালের আগস্টে নিজেদের মাটিতে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে কুম্ভকর্ণ অস্ট্রেলিয়ার ঘুম ভাঙে। এখন দেখার বিষয় দীর্ঘ বিরতি শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা-পোশাকে কেমন খেলেন শান্ত-তাসকিন-মুশফিকরা।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   লিটন  নাহিদ  অস্ট্রেলিয়া সফর  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: