সাদমানের সেঞ্চুরির দিকে তাকিয়ে

ক্রীড়া প্রতিবেদক

খেলা

একজন দায়িত্ব হারিয়েছেন টেস্ট সিরিজ শুরুর আগেই, আরেকজন দায়িত্ব সামলাচ্ছেন অন্তর্বর্তীকালীন সময়ে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিন

2026-10-29T06:19:56+00:00
2026-10-29T06:19:56+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
খেলা
সাদমানের সেঞ্চুরির দিকে তাকিয়ে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৬:১৯ এএম 
ছবি : সংগৃহীত
একজন দায়িত্ব হারিয়েছেন টেস্ট সিরিজ শুরুর আগেই, আরেকজন দায়িত্ব সামলাচ্ছেন অন্তর্বর্তীকালীন সময়ে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিন বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স দেখে কৃতিত্ব নিতে নারাজ ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। বরং ব্যাটারদের সঙ্গে গত প্রায় এক বছর কাজ করা মোহাম্মদ আশরাফুলকেই সামনে রাখলেন অভিজ্ঞ এই কোচ। তার মতে, ব্যাটারদের সাফল্যের পেছনে আশরাফুলের পরিশ্রমের অবদান রয়েছে, আর সেই কৃতিত্ব তারই প্রাপ্য।

বুধবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৩ উইকেটে ২১৩ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সাদমান ইসলাম। দিন শেষে সংবাদ সম্মেলনে সাদমানের ব্যাটিংয়ের প্রশংসা করেন সালাহউদ্দিন। তার মতে, উইকেটের আচরণ বুঝে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন এই ওপেনার। অপ্রয়োজনীয় শট খেলার ঝুঁকি না নিয়ে কঠিন সময়গুলো সামলে নিজের নিয়ন্ত্রণে ইনিংস এগিয়ে নিয়েছেন তিনি।

সালাহউদ্দিন বলেন, ‘(সাদমান) সে উইকেট খুব ভালো বুঝতে পেরেছে। পুরো ইনিংস যদি দেখেন, খুব বেশি শট খেলেনি। মাঝেমধ্যে টাফ টাইম আসে, তখন আমরা লুজ শট খেলে ফেলি। সে ক্রিটিক্যাল টাইম কাটিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখে ইনিংসটি খেলেছে। ৫০-৬০ রানের ইনিংস অনেক খেলেছে, ইদানীং লম্বা হচ্ছিল না। সে নিজেকে নিয়ে কাজ করছে।’ দীর্ঘদিন ধরে টেস্টে অর্ধশতকের দেখা পেলেও সেগুলোকে বড় ইনিংসে রূপ দিতে পারছিলেন না সাদমান। এবার সেই ঘাটতি কাটিয়ে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছেছেন তিনি। যদিও আলোস্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ হওয়ায় অপেক্ষা বাড়ছে তার। ৯৯ রানে অপরাজিত এই ওপেনার দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরির লক্ষ্য নিয়ে।

সাদমানের নার্ভাস নাইন্টিতে পৌঁছে যাওয়ায় দলের সবাই যে রোমাঞ্চিত, সেটিও জানিয়েছেন সালাহউদ্দিন। তার মতে, এই ইনিংস সাদমানকে ভবিষ্যতে আরও বড় ইনিংস খেলতে আত্মবিশ্বাস জোগাবে। তিনি বলেন, ‘আমরা পুরো দলই আসলে নার্ভাস। আমরা সবাই চাচ্ছিলাম সেঞ্চুরিটা হয়ে যাক। টেস্টে তার সেঞ্চুরির সংখ্যা আরও বেশি হওয়া উচিত ছিল। এই ইনিংস তাকে পরবর্তীতে অনেক সহায়তা করবে।’ দিনের প্রথম সেশনে মুমিনুল হকের আউট নিয়েও কথা বলেন ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ। ৫১ বলে ২৮ রান করার পর জোমেল ওয়ারিকানের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন অভিজ্ঞ এই ব্যাটার। সালাহউদ্দিনের মতে, একই ধরনের ভুল বারবার হলে তা থেকে বেরিয়ে আসার পথও ব্যাটারকেই খুঁজে নিতে হবে।

তিনি বলেন, ‘যখন প্রতিবার একই ভুল করবেন, কোনো না কোনো সমস্যা আছে। ওকে (মুমিনুল) বের করতে হবে কীভাবে এখান থেকে বের হয়ে আসবে। বলটা খুব কাছে ছিল। আরেকটু দূরে থাকলে ওপর দিয়ে চলে যেত। মিরপুর টেস্টের প্রথম দিনের পারফরম্যান্সের পাশাপাশি সংবাদ সম্মেলনে উঠে আসে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ পরিবর্তনের প্রসঙ্গও। সিরিজ শুরুর মাত্র দুদিন আগে দায়িত্ব হারান আশরাফুল। গত প্রায় এক বছর জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে দলের অনুশীলনেও ব্যাটারদের নিয়ে কাজ করতে দেখা গেছে তাকে। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন।

প্রথম দিন শেষে বাংলাদেশের ব্যাটিংয়ে সবচেয়ে বড় প্রাপ্তি সাদমানের ধৈর্যশীল ইনিংস এবং হৃদয়ের কার্যকর অবদান। তবে সাদমানের সেঞ্চুরি পূর্ণ না হওয়ায় অপেক্ষা থেকেই যাচ্ছে। দ্বিতীয় দিনের সকালে সেই অপেক্ষার অবসান ঘটাতে পারলে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি বাংলাদেশের ইনিংসকেও আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে পারবেন বাঁহাতি ওপেনার। আর ব্যাটারদের পারফরম্যান্সের কৃতিত্ব নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যে উঠে এসেছে দলের সাফল্যের পেছনে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব— যেখানে দায়িত্বে থাকা কোচের পাশাপাশি আগের কোচের অবদানও স্বীকৃতি পাচ্ছে।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   সাদমান  সেঞ্চুরি  তাকিয়ে 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: