কাজাখস্তানের পর এবার নেপালের বিপক্ষে জমজমাট এক ম্যাচ জিতেছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। পাকিস্তানের ইসলামবাদে অনুষ্ঠিত কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে গতকাল নেপালের বিপক্ষে ৩-২ সেটে জিতেছে হরষিত বিশ্বাসের দল। প্রথম সেটে হারলেও পরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পাঁচ সেটের তীব্র লড়াইটা ২৫-১৮, ১৯-২৫, ২৫-২১, ২৩-২৫ ও ১১-১৫ পয়েন্ট জিতে সেমিফাইনালে পা রাখে লাল-সবুজের দল। আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে লড়বে হরষিত-সুজন-তানভীররা। এই ম্যাচ জিতলে চার দলের মধ্যে দ্বিতীয় কিংবা তৃতীয় স্থানে থেকে শেষ চারে পা রাখবে বাংলাদেশ। হেরে গেলে চার নম্বর অর্থাৎ সবশেষ দল হিসেবে সেমিতে উঠবে।
নেপালের বিপক্ষে গতকাল প্রথম সেটে দারুণ লড়াই করলেও ছন্দ হারিয়ে বাংলাদেশ প্রথম সেটে হেরে যায় ৭ পয়েন্টের ব্যবধানে। দ্বিতীয় সেটে শুরু থেকে আধিপত্য বিস্তার করে নিয়ন্ত্রণ নেন হরষিতরা। শেষ দিকে নেপাল ঘুরে দাঁড়ালেও বাংলাদেশ ৬ পয়েন্টে জিতে সমতায় ফিরে। পরের দুই সেটে লড়াই হয় আরও তীব্র। ৪ পয়েন্টের ব্যবধানে তৃতীয় সেট জিতে নেয় নেপাল। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে চতুর্থ সেট জিতে ম্যাচ পঞ্চম সেটে নিয়ে যায় বাংলাদেশ। সেখানে দাপটের সঙ্গে খেলে ১৫-১১ ব্যবধানে জিতে তারা।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ছাপিয়ে আলোচনায় এখন দুই-তিন পজিশনে থেকে সেমিফাইনালে ওঠা। কারণ চার নম্বর হলে টুর্নামেন্টের শক্তিশালী ও স্বাগতিক দল পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। যাদের বিরুদ্ধে গ্রুপপর্বে ৩-০ সেটে পরাজিত হয়েছে হরষিতরা। সমীকরণটা তাই মাথাতেই রয়েছে। এ ব্যাপারে পাকিস্তান থেকে সময়ের আলোকে মোবাইল ফোনে দলের অধিনায়ক হরষিত জানান, আমাদের দল দুর্দান্ত খেলছে। বিশেষ করে শেষ দুই ম্যাচে আমরা দারুণভাবে কামব্যাক করে ম্যাচ জিতেছি। শ্রীলঙ্কার বিপক্ষেও আশা করি জয় পাব। আমাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। এখন শেষ চারে প্রতিপক্ষ হিসেবে উজবেকিস্তানকে প্রত্যাশা করছি। তবে শ্রীলঙ্কার কাছে হেরে গেলে পাকিস্তানকেই আমরা সেমিফাইনালে পাব। যা আপাতত কাম্য নয়।
টানা ম্যাচ খেলার ক্লান্তির পরও পাকিস্তানে ভালোই আছেন বলে জানান হরষিত। যদিও থাকা-খাওয়া নিয়ে একটু সমস্যা হচ্ছে। তারপরও ফেডারেশন যা করেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের অধিনায়ক। এ ব্যাপারে হরষিত জানান, ফেডারেশন সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যরা প্রতিনিয়ত আমাদের খোঁজ নিচ্ছেন। আমাদের সভাপতি তো ঘোষণাই দিয়েছেন যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি, তা হলে আগের চেয়ে বেশি বোনাস পাব। সভাপতির কথায় আমাদের পুরো দল বেশ উজ্জীবিত। তা ছাড়া আমরা এই টুর্নামেন্টে আগেও চ্যাম্পিয়ন হয়েছি। এবারও লক্ষ্য থাকবে পাকিস্তান থেকে ট্রফি নিয়ে দেশে ফেরার। পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ- এই ছয় দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর।
সময়ের আলো/এসএকে