জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, বাংলাদেশে আর কোনো জায়গা নেই আপা আসার। যেখানে আপা নামবেন, সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন করবে জনগণ।
সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের সিএনজি বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বাংলাদেশে অনেক মুজিব প্রেমি আছেন, মিডিয়া ব্যক্তিত্ব আছেন, তারা স্বপ্ন দেখেন ডিসেম্বরে নাকি তাদের আপা আসবেন। আপা কবে আসবেন? তিনি তো হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন। বাংলাদেশে আর কোনো জায়গা নাই আপা আসার। যেখানে আপা নামবেন, সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন করবে জনগণ। হাজার জায়গায় ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। বাংলাদেশের সব জায়গায় গরুর লম্বা দড়ি প্রস্তুত আছে। যেখানেই নামবেন, সেখানেই শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়ন করা হবে। এক সেকেন্ডও আমরা দেরি করবো না।
নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, আজ কিশোরগঞ্জে অনুষ্ঠান করতে এসেছি। কিশোরগঞ্জের সবাই কিশোর। আর কিশোরগঞ্জের নাম শুনলেই একটা দুষ্টু লোকের নাম মনে পড়ে। তার নাম হলো ফজু পাগলা। ফৌজো কিশোরগঞ্জ বাসীর পুরা মান ইজ্জত ডুবাইয়া দিছেন।
কিশোরগঞ্জ দীর্ঘ ১৫ বছর ধরে অবহেলিত উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ১৫ বছর ধরে এই এলাকায় একজন এমপি ছিলেন। মজিবুল হক চুন্নু। সে একজন শীর্ষ সন্ত্রাসী। এই শীর্ষ সন্ত্রাস কিশোরগঞ্জবাসীকে এমন কোনো যন্ত্রণা নেই, যে দেননি। আল্লাহ কিশোরগঞ্জ বাসীকে মজিবুল হক চূন্নূর হাত থেকে উদ্ধার করেছেন। শেখ হাসিনার হাত থেকেও কিশোরগঞ্জ বাসীকে রক্ষা করেছেন। কিন্তু কিশোরগঞ্জবাসী যখন সব গজব থেকে উদ্ধার হয়েছে, ঠিক সে সময় তারেক রহমান ফজু পাগলা নামে এক গজব কিশোরগঞ্জবাসীর উপর চাপিয়ে দিয়েছেন। কিশোরগঞ্জে কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসীগোষ্ঠী আওয়ামী লীগে এখনো অবস্থান করছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র হয়ে ফজলুর রহমান কাজ করছেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, প্রিয় তারেক রহমান কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন এই শীর্ষ মুজিব বাহিনীর হাত থেকে। এই সন্ত্রাসীর জ্বালায় কিশোরগঞ্জবাসী অতিষ্ঠ। কিশোরগঞ্জ বাসির মান-মর্যাদা চলে যাচ্ছে। আপনি অন্য কাউকে দেন তবু ফজু পাগলার কাছ থেকে কিশোরগঞ্জবাসীকে রক্ষা করেন।
প্রধানমন্ত্রী ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের ত্যাগের কথা ভুলে গেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, তারেক রহমান আপনি বিশ্বাস করতে শেখেন, সালাউদ্দিন আপনাকে বিড়ালের টুপি পরিয়ে রেখেছে, সাবধান হয়ে যান। অন্যথায় আপনাকেও গদি থেকে অপসারণ করা হবে। আপনার অবস্থাও হাসিনার মতো হবে।
জেলা জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, দলের উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ড. আতিক মুজাহিদ এমপি, সাঈদ উজ্জ্বল প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টির কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে নাসীরুদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে এনসিপির উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলার করিমগঞ্জে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দুটি উপজেলায় এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা শেষে রাত আটটায় কিশোরগঞ্জ শহরের শহিদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে।
সময়ের আলো/জোই