রাজধানীর নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ‘সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস)’-এ বাড়িওয়ালা, ভাড়াটে ও মেস সদস্যদের তথ্য নিবন্ধনের আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বর্তমানে ‘সিআইএমএস’ ডাটাবেজে প্রায় ৩৬ লাখ ৭৩ হাজার ২৩৮টি পরিবারের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এতে ৫০ লাখের বেশি নাগরিকের তথ্য সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
প্রায় দুই কোটি নাগরিকের বসবাসের ঢাকার নিরাপত্তায় তথ্য সংরক্ষণে হালনাগাদ তথ্য নিশ্চিতের লক্ষ্যেই এ আহ্বান বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি জানান, ঢাকা নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিএমপি সফলভাবে পরিচালনা করছে সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। এ ডিজিটাল তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে রাজধানীর বাড়িওয়ালা, ভাড়াটে ও মেস সদস্যদের মৌলিক তথ্য নিবন্ধন, সংরক্ষণ ও হালনাগাদ করা হচ্ছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে বসবাসরত নাগরিকদের মৌলিক তথ্য নিবন্ধন, সংরক্ষণ ও হালনাগাদ করতে ডিএমপি সফলভাবে ‘সিআইএমএস’ পরিচালনা করছে। ব্যক্তি থেকে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে এই কার্যক্রমে সবার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিয়াজ মেহেদী আরও বলেন, ‘সিআইএমএস’-এ সংরক্ষিত হালনাগাদ তথ্য বিট পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করে। পাশাপাশি অপরাধ প্রতিরোধ, তদন্ত, হারিয়ে যাওয়া ব্যক্তি শনাক্ত, সন্দেহভাজন ব্যক্তির পরিচয় যাচাই এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য ব্যবহারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি জানান, ঢাকা মহানগরের প্রতিটি থানা ও পুলিশ ফাঁড়িতে ‘সিআইএমএস’ নিবন্ধন ফরম পাওয়া যায়। নাগরিকরা ফরম পূরণ করে সংশ্লিষ্ট থানায় জমা দিতে পারবেন। ঠিকানা পরিবর্তন হলে নতুন এলাকার থানায় পুনরায় নিবন্ধন করতে হবে।
ডিএমপির এ কর্মকর্তা বলেন, ‘সিআইএমএস’ এ নিবন্ধনের মাধ্যমে বাড়িওয়ালারা ভাড়াটের পরিচয় নিশ্চিত করতে পারেন। এতে অপরাধী বা প্রতারকদের আশ্রয় নেওয়ার সুযোগ কমে এবং বাড়িওয়ালারাও অযথা হয়রানির ঝুঁকি থেকে মুক্ত থাকেন। অন্যদিকে ভাড়াটেরা সংশ্লিষ্ট বিট অফিসারের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারেন এবং প্রয়োজনে দ্রুত পুলিশি সহায়তা পান।
নিয়াজ মেহেদী আরও বলেন, ‘সিআইএমএস’ ডাটাবেজ অপরাধ তদন্তেও কার্যকর ভূমিকা রাখছে।
রাজধানীর সব বাড়িওয়ালা, ভাড়াটে ও মেস সদস্যকে ‘সিআইএমএস’-এ নিবন্ধন সম্পন্ন করে নিরাপদ, স্মার্ট ও অপরাধমুক্ত ঢাকা গড়ে তুলতে সহযোগিতার আহ্বান ডিএমপির।
সময়ের আলো/প্রিন্ট/জেডি