সামাজিক ও মানবিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্থানীয় সাধারণ মানুষের চুল কাটা এবং চুল রং করে ব্যতিক্রমী সেবা দিয়েছেন একদল কোরিয়ান স্বেচ্ছাসেবক।
গত সোমবার দিনব্যাপী উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর প্রেসবিটারিয়ান চার্চ মিশনে এই মানবিক সেবা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান রনজিৎ কুমার রায়, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, নিয়ামতপুর মিশনের পরিচালক বিষ্ণুপদ রায়, ইউপি সদস্য শাহজাহান আলী, চার্চের সম্পাদক বিপুল চন্দ্র রায় এবং চার্চের বিশ্বাসী সুবাস রায়সহ আরও অনেকে।
সেবা কার্যক্রমে হেয়ার কাটিং পরিচালনা করেন কোরিয়ান দক্ষ হেয়ার কাটিং মাস্টার হান দক-জিন, ই ইউ জু ও সন সেউং-হি প্রমুখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ কোরিয়া থেকে আসা স্বেচ্ছাসেবক দলটির সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে স্থানীয় শিশু, কিশোর ও বৃদ্ধদের বিনামূল্যে চুল কেটে ও চুল রং করে দেন। চুল কাটার পাশাপাশি তারা উপস্থিত শিশুদের মাঝে নাচ-গান পরিবেশন করেন এবং শুকনো খাবার বিতরণ করেন।
কোরিয়ান প্রতিনিধিদের এই ভিন্নধর্মী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সেবা নিতে আসা একাধিক ব্যক্তি জানান, সুদূর বিদেশ থেকে এসে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং নিজ হাতে সেবা দেওয়ার বিষয়টি সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।
স্থানীয় বাসিন্দা সুবাস চন্দ্র রায় বলেন, বিদেশি মানুষগুলো এত সুন্দরভাবে ও হেসে হেসে আমাদের চুল কেটে দিল, দেখতে খুব ভালো লেগেছে। তাদের এই আন্তরিকতা আমরা দীর্ঘদিন মনে রাখব।
বাংলাদেশ প্রেসবিটারিয়ান চার্চের প্রতিষ্ঠাতা রেভারেন্ড যোহন লী বলেন, মানুষের মাঝে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে এবং সামাজিক মেলবন্ধন সুদৃঢ় করতেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সময়ের আলো/জোই