ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বনবিভাগের আওতায় বাঁশগাড়া গ্রামে সাগুনী শালবনের ৮৪ একর জমিতে রোপণ করা বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার চারা গাছ তুলে ফেলেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
বনবিভাগ কর্মকর্তা মহসিন আলী জানান, বাঁশগাড়া মৌজার সংরক্ষিত বনভূমির ৮৪ একর জমি স্বাধীনতার পর থেকে বিভিন্নভাবে অবৈধ দখলদারদের কব্জায় ছিল। সম্প্রতি এসব জমি উদ্ধার করে, সেখানে বিভিন্ন প্রজাতির প্রায় ৮৪ হাজার গাছের চারা রোপণ করা হয়। কিন্তু শনিবার রাতে দুর্বৃত্তরা প্রায় ১০ হাজার চারা গাছ তুলে টাঙ্গন নদীতে ভাসিয়ে দেয়। সকালে সাগুনী শালবনের ফরেস্ট গার্ড আব্দুস সামাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দখলদাররা এ ঘটনা ঘটিয়েছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, এ বিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/মহু