পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে সাদুল্লাপুরে আরেক আনসার সদস্যের মৃত্যু, চার দিনে প্রাণ গেল দুজনের

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সাদুল্লাপুরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে তারা মিয়া (৫০) নামে এক আনসার-ভিডিপি সদস্যের মৃত্যু হয়েছে।

2026-10-22T00:04:07+00:00
2026-10-22T00:04:07+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে সাদুল্লাপুরে আরেক আনসার সদস্যের মৃত্যু, চার দিনে প্রাণ গেল দুজনের
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:০৪ এএম 
সাদুল্লাপুর থানা। ছবি : সংগৃহীত
গাইবান্ধার সাদুল্লাপুরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে তারা মিয়া (৫০) নামে এক আনসার-ভিডিপি সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর পূজায় দায়িত্ব পালনকালে উপজেলায় এক নারীসহ দুজন আনসার সদস্যের মৃত্যু হলো। গত চার দিনের ব্যবধানে এ দুটি মৃত্যুর ঘটনায় স্থানীয় আনসার-ভিডিপি সদস্য ও তাদের স্বজনদের মধ্যে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার (২১ অক্টোবর) পূজার শেষ দিনে দুপুরের দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব কিশামত হামিদ সার্বজনীন দুর্গামন্দিরে দায়িত্ব পালনকালে তারা মিয়া অসুস্থ হয়ে পড়েন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তারা মিয়া উপজেলার ৫ নম্বর ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, পূজা শুরুর পর থেকেই তিনি উপজেলার ১৮ নম্বর কেন্দ্রের আওতাধীন এ মন্দিরে ভিডিপি সদস্য হিসেবে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, অসুস্থ হওয়ার পর তারা মিয়াকে অ্যাম্বুলেন্সে করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

রংপুরে নেওয়ার পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

স্বজনেরা দাবি করেছেন, দায়িত্ব পালনের সময় তারা মিয়া জ্বরে ভুগছিলেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাদের জানান, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, পূজার দায়িত্ব পালনকালে আনসার-ভিডিপি সদস্য তারা মিয়া অসুস্থ হয়ে পড়েছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে নেওয়ার পথে অবস্থার অবনতি হলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ১৮ অক্টোবর সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পারভীন বেগম (৪৬) নামে এক নারী আনসার সদস্যের মৃত্যু হয়। তিনি উপজেলার ৩ নম্বর দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মফিজল হকের মেয়ে।

পারভীন বেগম কিশামত বড়বাড়ি সার্বজনীন দুর্গামন্দিরে দায়িত্ব পালনকালে হঠাৎ পাতলা পায়খানা ও বমিতে অসুস্থ হয়ে পড়েন। তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সময়ের আলো/আতা
  বিষয়:   পূজামণ্ডপ  সাদুল্লাপুর  আনসার  সদস্য  মৃত্যু  প্রাণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: