প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ পিএম
নেত্রকোণায় সাংবাদিক খুন : আশিকুরের ৩ দিনের রিমান্ড। ছবি : সংগৃহীতনেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার মামলায় গ্রেফতার সন্দেহভাজন আসামি আশিকুর রহমান প্রাঙ্গনকে (২১) গ্রেফতার করা হলে রিমান্ড চাইলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে প্রাঙ্গনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো. আলিমুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌর সদরের শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে প্রাঙ্গনকে গ্রেফতার করে এসআরবি-১৪।
গ্রেফতারকৃত প্রাঙ্গন পৌর শহরের বাগিচাপাড়া এলাকার কাচারির মোড়ের বাসিন্দা মো. শাহিন মিয়ার ছেলে। প্রাঙ্গন দুর্গাপুরের শীর্ষ সন্ত্রাসী শুটার শামীমের ভাগনে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত প্রাঙ্গন এলাকায় ‘শুটার শামীম’ নামে পরিচিত এক ব্যক্তির ভাগনে। শুটার শামীমের বিরুদ্ধে থানায় অন্তত তিনটি হত্যা মামলাসহ কমপক্ষে ৩০টি মামলা রয়েছে।
এসআরবি সূত্র জানায়, সাংবাদিক আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে এসআরবি-১৪-এর সদর কোম্পানির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় শহীদ মিনার এলাকা থেকে প্রাঙ্গনকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
অভিযানের বিষয়ে এসআরবি-১৪ ময়মনসিংহের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান বলেন, তদন্তের স্বার্থে সবকিছু বলা যাচ্ছে না, তবে এতটুকু বলতে পারি ঘটনার প্রযুক্তিগত দিক বিবেচনা করে গ্রেফতার প্রাঙ্গনকে এই ঘটনার অন্যতম আসামি হিসেবে ধরে নেওয়া যায়।
১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্রাইল বাজারের তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ।
হত্যাকাণ্ডের পরদিন ১৬ অক্টোবর আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
এ মামলায় ১৮ অক্টোবর অপূর্ব (২২) নামে সন্দেহভাজন আরেক তরুণকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে অপূর্ব চার দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।
এ নিয়ে সাংবাদিক আলিফ হত্যা মামলায় সন্দেহভাজন দুই তরুণকে গ্রেফতার করা হলো।
সময়ের আলো/আতা