প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:২০ পিএম
সংগৃহীত ছবিপিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মো. ছালাম শেখ (৬১) নামে বৃদ্ধকে মারধরের অভিযোগে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নোমান হোসেন মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।
আহত ছালাম শেখ বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে একটি পাকা সড়কে এ ঘটনা ঘটে বলে এজাহার সূত্রে জানা গেছে।
এ ঘটনায় সাবেক চেয়ারম্যানসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় এজাহার দেওয়া হয়েছে।
এজাহারে দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা মো. নোমান হোসেন মৃধাসহ সাতজনের নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি যাওয়ার পথে কয়েকজনের সঙ্গে ছালাম শেখের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। এজাহারে আরও অভিযোগ করা হয়, বিএনপির কর্মীদের গালিগালাজ এবং বিএনপি কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদ করায় ছালাম শেখের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁকে কিল-ঘুসি মারা হয় এবং মাটিতে পড়ে যাওয়ার পরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে দাবি করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং সাবেক চেয়ারম্যানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/এনএন