ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা চলাকালে সভাকক্ষের বাইরে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘শিক্ষার্থীবান্ধব স্বচ্ছ সিট নীতিমালা প্রণয়নের’ দাবিতে এ ঘেরাও কর্মসূচি পালন করছেন তারা।
এসময় আন্দোলনকারীরা ‘আদু ভাইয়ের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘গণরুমের পায়তারা , রুখে দিবে ছাত্ররা’, ‘আবাসনে রিএড, চলবে না চলবে না’, ‘বিতর্কিত সিট নীতিমালা , চলবে না চলবে না’, ‘স্বচ্ছ নীতিমালা, দিতে হবে দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেয়।
ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, ‘আমরা জানতে পেরেছি তিনবার রিএড এর মাধ্যমে আটবছর হলে অবস্থার সুযোগ সৃষ্টির পাঁয়তারা চলছে। যদি রিএডের তিনবার সুযোগ দেওয়া হয় তাহলে অনেকেই রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে হলের সিট ছেড়ে কখনোই যাবে না। ফলে এর মাধ্যমে আগের মতো গণরুম, গেস্টরুম ফিরে আসবে।
তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি এখন সিন্ডিকেট মিটিং চলছে। সেখানে সিট বরাদ্দ নীতি নিয়ে পাঁয়তারা করা হচ্ছে। আমরা থাকতে এটা কখনো হতে দিবো না। একজন শিক্ষার্থীকে ভর্তির প্রথম দিনই সিট নিশ্চিত করতে হবে।’
সময়ের আলো/কেএইচও