ভারতের লোকসভায় পাস হলো পাবলিক এক্সামিনেশনস সংশোধনী বিল। বুধবার (২৯ জুলাই) প্রশ্নফাঁস রুখতে এই সংশোধনী আইনে অপরাধীদের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এবার বিলটি রাজ্যসভার অনুমোদনের অপেক্ষায়।
উল্লেখ্য যে, গত ২৭ জুলাই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিলটি লোকসভায় পেশ করেন। নিট প্রশ্নফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দেশজুড়ে ছাত্র আন্দোলন এবং তার জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের(প্রাক্তন) পদত্যাগের পরই এই সংশোধনী বিলটি আনা হয়।
অন্যদিকে বুধবার বিল নিয়ে আলোচনা চলাকালীন সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী ছাত্র আন্দোলনে পুলিশের বর্বরোচিত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং আন্দোলনকারীদের উপর গুলি চালানোর অভিযোগ করেন। তার এই মন্তব্য ঘিরে সরকার ও বিরোধীদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। বিরোধী সদস্যদের স্লোগান এবং হট্টগোলের মধ্যেই কণ্ঠভোটে এই বিলটি পাশ করানো হয়।
সরকারের দাবি, প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতেই আইনে সংশোধন আনা হয়েছে। নতুন আইনে অপরাধীদের বিরুদ্ধে কঠিন শাস্তির পাশাপাশি পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হল।
তবে বিরোধীদের অভিযোগ , প্রশ্নফাঁসের মূল কারণ দূর করার বদলে সরকার কেবল কঠোর শাস্তির ওপর জোর দিচ্ছে।
যদিও লোকসভায় বিলটি পাশ হলেও তা আইনে পরিণত হতে এখনও রাজ্যসভার অনুমোদন এবং রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন।
সময়ের আলো/ইউএমএইচ