হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা এনসিপি।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় কলেজ মোড় বিজয় স্তম্ভ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালিয়ে আন্দোলন দমন করা যাবে না। আমাদের মনে হয়, ছাত্রদল-যুবদলকে লেলিয়ে দিয়ে তারেক জিয়া সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে। এসময় তারা অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, যুবশক্তির সদস্য সচিব তারিকুজ্জামান তমাল ও ছাত্রশক্তির সদস্য সচিব সাদিকুর রহমান।
সময়ের আলো/আতা