ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্টটি আয়োজনের কথা ছিল। যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করছিল ট্রিপল টাইম কমিউনিকেশন।
বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রিপল টাইম কমিউনিকেশন সরকারের এই সিদ্ধান্ত ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেছে। এক পোস্টে তারা উল্লেখ করে, ‘সব অনুমোদন দেওয়ার পরও 'অনিবার্য কারণ' দেখিয়ে অনুপম রায়ের শো বাতিল করল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আগামী ১ আগস্ট ২০২৬ তারিখে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে বহু প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টটি আয়োজিত হওয়ার কথা ছিল।’
তাদের কথায়, ‘অনুষ্ঠানটি আয়োজনের জন্য আয়োজকরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিলেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সব অনুমোদন ও আনুষ্ঠানিকতা যথানিয়মে সম্পন্ন করেছিলেন। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সব প্রস্তুতি এবং অনুমোদন থাকা সত্ত্বেও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে অনুষ্ঠানটি না করার নির্দেশ দিয়েছে। ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।’
তবে টিকিট ক্রেতাদের অর্থ ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সব দর্শককে টিকিটের পুরো মূল্য ফেরত দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত প্রক্রিয়া আগামী রোববারের মধ্যে জানানো হবে।
সময়ের আলো/কেএইচও