রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতা কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘গুলশানের চামেলি’। কেন্দ্রীয় চরিত্রে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের পর এবার সিনেমায় যুক্ত হচ্ছেন দেশের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
সিনেমাটিতে বাঁধনকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি নির্মাতা মোহাম্মদ ইকবাল। নির্মাতা জানিয়েছেন, আগামী ১ আগস্ট সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। সেদিনই শিল্পীদের পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নির্মাতা মোহাম্মদ ইকবাল বলেন, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরই শুটিং শুরু হবে। প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও বিভিন্ন কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি।
নির্মাতা ইকবাল স্পষ্ট করে কিছু না বললেও বাঁধন জানিয়েছেন প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। তবে চুক্তিবদ্ধ হননি তিনি। আগস্টের প্রথম সপ্তাহে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। অভিনেত্রী বলেন, সিনেমার গল্প ও চরিত্র ভালো লেগেছে বলেই কাজটি করতে আগ্রহী হয়েছি। আমি তো সবসময় ‘রেহানা মরিয়ম নূর’ বা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো গল্প পাব না। অভিনয় আমার পেশা। তাই আমি সব ধরনের অভিজ্ঞতা নিতে চাই।
এর আগে সানি সানোয়ার ভাইয়ের ‘এশা মার্ডার’-এও তেমন অভিজ্ঞতা নিয়েছি। সব ধরনের গল্পে কাজ করার সক্ষমতা যে আমার আছে, সেটাও দেখানো উচিত। সে কারণেই ‘গুলশানের চামেলি’ করতে চাই। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত গুলশানের চামেলির গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মী ঘিরে, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন। আগামী বছরের কোনো এক ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, বাঁধনকে সর্বশেষ দেখা গেছে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় সুরমা চরিত্রে অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে বাঁধনের সিনেমা ‘মাস্টার’ এবং ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত সিনেমাটি মূলত রাজনৈতিক থ্রিলার ঘরানার। গল্পের কেন্দ্রবিন্দুতে একটি উপজেলার স্থানীয় রাজনীতি। এতে বাঁধনকে দেখা যাবে উপজেলা নির্বাহী অফিসারের চরিত্রে। সিনেমাটি ইতিমধ্যে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে।
এদিকে সম্প্রতি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে জায়গা করে নিয়েছে বাঁধন অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন।
সময়ের আলো/আআ