চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে ইভটিজারদের হামলায় আহত হয়েছেন মেয়ের বাবা জহিরুল হক মুকুল দেওয়ান, তার বড় মেয়ে এবং ছোট ছেলে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জুলাই) মেয়ের মা মাকসুদা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শাহীন কাজীকে (২৭) গ্রেফতার করে পুলিশ।
গত বুধবার এশার নামাজের পর মতলব পৌরসভার উত্তর নলুয়া এলাকার নুরুল ইসলামের সুপারির বাগানে এই ঘটনা ঘটে। হামলায় আহত মুকুল দেওয়ান বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও মতলব পৌর ৭ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক।
আহত মুকুল দেওয়ান জানান, তার এবার এসএসসি পরীক্ষা দেওয়া মেয়েকে একই এলাকার হোসেন কাজীর ছেলে শাহীন কাজী বিভিন্ন সময়ে ইভটিজিং করে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে উত্ত্যক্ত করার বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে আমাকে (মেয়ের বাবা) ও বড় মেয়ে এবং ছোট ভাইয়ের ওপর হামলা চালায়। হামলায় বাবা-মেয়ে, ভাইসহ তিনজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এদিকে এই ঘটনায় পরিবার এবং স্থানীয় এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িত সব অপরাধীর দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মতলব দক্ষিণ থানার এসআই ইমতিয়াজ কবির জানান, মামলার অভিযুক্ত শাহীন কাজীকে আটক করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
সময়ের আলো/জোই