নতুন মৌসুমে নিজেদের আক্রমণভাগ আরও শক্তিশালী ও ধারালো করতে বড় চমক দেখালো রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাব ইউডি লেভান্তে থেকে উদীয়মান তরুণ সেন্টার ফরোয়ার্ড কার্লোস এসপিকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে লস ব্লাঙ্কোরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ২১ বছর বয়সী এই স্প্যানিশ তারকার সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন তিনি। তাকে দলে ভেড়াতে প্রায় আড়াই কোটি (২৫ মিলিয়ন) ইউরো ট্রান্সফার ফি গুনতে হয়েছে ক্লাবটিকে।
যুব পর্যায়ে একটি ছোট ক্লাব থেকে যাত্রা শুরু করে লেভান্তেতে যোগ দিয়েছিলেন কার্লোস এসপি। লেভান্তেকে স্পেনের শীর্ষ লিগে (লা লিগা) উন্নীত করতে ‘সুপার সাব’ হিসেবে খেলে ২০২৪-২৫ মৌসুমে ৬টি গুরুত্বপূর্ণ গোল করেন তিনি। পরবর্তীতে লা লিগার কঠিন লড়াইয়ে দলকে রেলিগেশন থেকে টিকিয়ে রাখতেও অনবদ্য অবদান রাখেন এই তরুণ ফরোয়ার্ড।
গেল মৌসুমের মাঝামাঝি সময়ে (ফেব্রুয়ারি থেকে মে) খেলা ১৩ ম্যাচে ১০ গোল করে ফুটবল বিশ্বে নিজের আগমন বার্তা জানিয়ে দেন এসপি। লেভান্তের ২৬ থেকে ২৯তম ম্যাচ পর্যন্ত টানা ৬টি গোলই একক দক্ষতায় করেছিলেন তিনি।
দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে গত মৌসুমে ২৫ ম্যাচে ১১ গোল করে লা লিগার সেরা অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় নির্বাচিত হন কার্লোস এসপি, যা তাকে সরাসরি এনে দাঁড় করালো রিয়াল মাদ্রিদের মতো বিশ্বসেরা ক্লাবে।
সময়ের আলো/জেডি