আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের ট্রান্সফার ঘিরে বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ স্প্যানিশ ফুটবল ফেডারেশনে (আরএফইএফ) অভিযোগ দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গড়িয়েছে আইনি সংঘাত পর্যন্ত। নিয়মনীতি ভেঙে খেলোয়াড়ের সঙ্গে অবৈধভাবে যোগাযোগের অভিযোগে বার্সেলোনার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আরএফইএফ। আর এই নালিশটি ঠুকেছে আলভারেজের বর্তমান ক্লাব আতলেতিকো মাদ্রিদ।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন, গত ৩০ জুন আতলেতিকো মাদ্রিদের দেওয়া এক আনুষ্ঠানিক অভিযোগের প্রেক্ষিতেই বার্সেলোনার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিয়েছে দেশটির ফুটবল নিয়ামক সংস্থা। আতলেতিকোর দাবি, ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ডের সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে। কিন্তু ফিফা ও আরএফইএফের আইন তোয়াক্কা না করে দলবদলের নির্ধারিত সময়ের বাইরেই গোপনে আলভারেজের সঙ্গে যোগাযোগ করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ।
ইতোমধ্যেই দুই ক্লাবকেই এই তদন্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এখন নিজেদের নির্দোষ প্রমাণ করতে আইনি নথিপত্র সাজাচ্ছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। অন্যদিকে আতলেতিকো সিইও মিগুয়েল অ্যাঞ্জেল গিল মারিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্লাবের স্বার্থরক্ষায় তারা শেষ পর্যন্ত লড়বেন।
সময়ের আলো/আআ