প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:০১ পিএম
ছবি : সংগৃহীতদেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, খেলাধুলাকে পেশাদার পর্যায়ে নিতে সরকার কাজ শুরু করেছে। পাশাপাশি জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে খেলার উপযোগী করা হবে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর হাজীপাড়া এলাকায় পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, নতুন করে খেলাধুলার কার্যক্রম শুরুর মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকেরা কাজ করছেন। জেলা স্টেডিয়ামগুলোও আধুনিকায়ন করা হবে, যাতে সেখান থেকে ভালো খেলোয়াড় উঠে আসতে পারেন।
যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষিত ও বেকার তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বেশ কিছু কর্মসূচি ও পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে ফ্রিল্যান্সিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়নের বিষয়ও রয়েছে।
তিনি বলেন, প্রশিক্ষণগুলো এমন মানের করতে চান, যাতে তরুণেরা দেশে কাজ করার পাশাপাশি বিদেশেও কর্মসংস্থানের সুযোগ পান।
জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাসের সম্ভাবনার কথা তুলে ধরে আমিনুল হক বলেন, প্রতিটি বাড়িতে এবং গরুর খামার রয়েছে এমন এলাকায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা গেলে দেশের জ্বালানি সংকট অনেকটাই কমানো সম্ভব। তরুণেরা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সংযোগ দিয়ে আয়ও করতে পারবেন।
অনুষ্ঠানে নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/টিকে