প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:০৫ এএম আপডেট: ৩১.১০.২০২৬ ১২:০৫ এএম
টাইগার পেসার নাঈম হাসান । ছবি : সংগৃহীত মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বোলিং করার সুযোগ পেয়েছিলেন মাত্র ৩ ওভার। তাতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছিল সমালোচনা— নাঈম হাসানকে কি ঠিকমতো ব্যবহার করা হচ্ছে? টেস্ট দলে সুযোগই যেখানে নিয়মিত মেলে না, সেখানে একাদশে জায়গা পেলেও বোলিংয়ের পর্যাপ্ত সুযোগ পান না এই অফস্পিনার। তবে তৃতীয় দিন বল হাতে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন নাঈম। চার উইকেট নেওয়ার পথে পূর্ণ করেছেন টেস্ট ক্যারিয়ারের ৫০ উইকেট। আর বাংলাদেশের হয়ে বলের হিসাবে সবচেয়ে দ্রুত এই মাইলফলক ছোঁয়ার কীর্তিও গড়েছেন তিনি।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ২৪৫ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন নাঈম। মাত্র ১০.৫ ওভার বোলিং করে ৩৩ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। তার শিকার হয়েছেন জাস্টিন গ্রেভস, জশুয়া বিশপসহ গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যাটার। এর মধ্যে জোমেল ওয়ারিকানকে এলবিডব্লিউ করে টেস্টে নিজের ৫০তম উইকেট পূর্ণ করেন এই অফস্পিনার।
নাঈমের এই মাইলফলক ছোঁয়ার কীর্তিতে বিশেষত্ব রয়েছে বলের হিসাবে। টেস্টে ২ হাজার ৮৫৬টি ডেলিভারি করে ৫০ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে কম বল করে এই মাইলফলকে পৌঁছেছেন নাঈম। অর্থাৎ টেস্টে উইকেটের অর্ধশতক পূর্ণ করতে বলের হিসাবে দেশের দ্রুততম বোলার এখন তিনি।
অবশ্য সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট নেওয়ার তালিকায় নাঈম সবার ওপরে নন। বাংলাদেশের হয়ে মাত্র ১৬ টেস্টে ৫০ উইকেট নেওয়ার কীর্তি আছে মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ রফিকের। নাঈমেরও ৫০ উইকেট পেতে লেগেছে ১৬ টেস্ট। তবে বলের হিসাবে তাদের ছাড়িয়ে গেছেন এই অফস্পিনার।
নাঈমের টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১৮ সালে। এরপর প্রায় আট বছরে খেলেছেন মাত্র ১৬টি টেস্ট। এই সময়ে তার শিকার ৫১ উইকেট। পরিসংখ্যান বলছে, সুযোগ পেলেই উইকেট নেওয়ার সামর্থ্য দেখিয়েছেন তিনি। কিন্তু জাতীয় দলের টেস্ট একাদশে নিয়মিত জায়গা পাওয়া কিংবা বোলিংয়ে পর্যাপ্ত সুযোগ পাওয়া তার জন্য সহজ হয়নি।
বাংলাদেশের স্পিন আক্রমণে মেহেদী হাসান মিরাজের অবস্থান শক্ত। ফলে অনেক সময় নাঈমকে একাদশে জায়গা পেতে অপেক্ষা করতে হয়। সুযোগ পেলেও বোলিংয়ে লম্বা স্পেল কিংবা নিয়মিত দায়িত্ব সবসময় মেলে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্টের দ্বিতীয় দিন মাত্র ৩ ওভার বোলিংয়ের সুযোগ পাওয়ায় সেই আলোচনা আবার সামনে আসে। তৃতীয় দিনে অবশ্য সুযোগ পেয়েই নিজের কার্যকারিতা বুঝিয়ে দিয়েছেন নাঈম। ১০.৫ ওভারে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে আটকে রাখতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
সময়ের আলো/প্রিন্ট/এসকে