শিরোপার স্বপ্নভঙ্গ বায়জিদ-পাভেলদের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ফাইনাল পর্যন্ত দাপুটে পথচলা, কিন্তু শেষ লড়াইয়ে এসে থেমে গেল বাংলাদেশের কিশোর ফুটবলারদের শিরোপার স্বপ্ন। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালের

2026-10-30T23:50:52+00:00
2026-10-30T23:50:52+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
খেলা
ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যাল
শিরোপার স্বপ্নভঙ্গ বায়জিদ-পাভেলদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:৫০ পিএম 
বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল । ছবি : সংগৃহীত
ফাইনাল পর্যন্ত দাপুটে পথচলা, কিন্তু শেষ লড়াইয়ে এসে থেমে গেল বাংলাদেশের কিশোর ফুটবলারদের শিরোপার স্বপ্ন। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালের ই-টায়ারের ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।

আজারবাইজানের রাজধানী বাকুতে গতকাল শুক্রবার অনুষ্ঠিত শিরোপার লড়াইয়ে সেন্ট্রাল আফ্রিকার হয়ে একাই তিন গোল করেন মোহি। বাংলাদেশের পক্ষে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন তাকিব।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। ১৪ মিনিটে মোহির গোলে এগিয়ে যাওয়ার পর দ্রুতই ব্যবধান বাড়ায় তারা। ১৬ মিনিটে পেনেলের লক্ষ্যভেদে স্কোরলাইন দাঁড়ায় ২-০। দুই গোলে পিছিয়ে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। ২৩ মিনিটে তাকিবের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আশা জাগায় লাল-সবুজের প্রতিনিধিরা।

কিন্তু সেই আশায় জল ঢেলে দেন মোহি। ২৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে প্রতিপক্ষের স্বস্তি ফিরিয়ে আনেন। এরপর ৩৯ মিনিটে আবারও জালের দেখা পেয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক।

শিরোপা হাতছাড়া হলেও ফাইনালে ওঠার পথে বাংলাদেশের কিশোরদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। শেষ চারে গ্যাবনের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছিল তারা। সেই ম্যাচে ১৪ মিনিটে জয়সূচক গোলটি করেন রাতুল। তার আগে কোয়ার্টার-ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ। ওই ম্যাচে বায়জিদ, পাভেল ও শাবোক গোল করেন। পাভেল করেন জোড়া গোল।

প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৮৯টি দেশের দল। ছয়টি স্তরে ভাগ করে আয়োজন করা হয়েছে টুর্নামেন্টটি। প্রতিটি দলে খেলেছে আটজন করে ফুটবলার, ম্যাচের দৈর্ঘ্য ছিল ৪০ মিনিট- ২০ মিনিটের দুই অর্ধ। ই-টায়ারের ফাইনালে হারের মধ্য দিয়ে বাংলাদেশের অভিযান শেষ হয়েছে রানার্সআপ হিসেবে। সামগ্রিক অবস্থানে দলটির স্থান ১৩০তম।

সময়ের আলো/প্রিন্ট/এসকে

  বিষয়:   ফিফা  অনূর্ধ্ব ১৫  বিশ্বকাপ  ফেস্টিভ্যাল  শিরোপা  স্বপ্নভঙ্গ  বায়জিদ  পাভেল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: