প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৪:৫৩ এএম
ছবি : সংগৃহীত এক গোলের ব্যবধান, অথচ আনন্দের আকাশজুড়ে ইতিহাসের আলো! স্বপ্নের পথে একের পর এক বাধা পেরিয়ে এবার ফাইনালের মঞ্চে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালের ‘ই’ টায়ারের ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধেই পাওয়া গোলের লিড শেষ পর্যন্ত ধরে রেখে ইতিহাস গড়েছে পাভেল-শিবাকরা।
প্রথমবারের মতো আয়োজিত ফিফার এই অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে শুরুতে প্রত্যাশামতো ফল পায়নি বাংলাদেশ। গ্রুপ পর্বে ওয়েলস ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্রয়ের পাশাপাশি পর্তুগাল ও বুরুন্ডির কাছে হারতে হয়েছিল পাভেল-শিবাকদের। তবে শেষ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় দলটি।
এরপর নকআউট পর্বে নিজেদের অন্য রূপে তুলে ধরে বাংলাদেশের কিশোররা। সিসেলস ও সিঙ্গাপুরের বিপক্ষে নির্ধারিত সময়ে সমতা থাকার পর টাইব্রেকারে জয় তুলে নেয় তারা। কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এবার গ্যাবনের বিপক্ষে কঠিন লড়াইয়ে এক গোলের জয় নিয়ে ফাইনালে পা রাখল দলটি।
আটজনের দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচের দৈর্ঘ্য ৪০ মিনিট। দুই অর্ধে ২০ মিনিট করে খেলা হয়। বিভিন্ন টায়ারে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি। ‘ই’ টায়ারের ফাইনালে বাংলাদেশের সামনে এখন শিরোপা জয়ের হাতছানি।
গ্রুপ পর্বের হতাশা পেছনে ফেলে নকআউট পর্বে যেভাবে নিজেদের মেলে ধরেছে বাংলাদেশের কিশোররা, তাতে তাদের এই ফাইনালে ওঠা নিঃসন্দেহে বিশেষ অর্জন। এবার শিরোপার লড়াইয়ে মাঠে নেমে সেই সাফল্যকে আরও বড় করে তোলার সুযোগ পাবে লাল-সবুজের প্রতিনিধিরা।
সময়ের আলো/প্রিন্ট/জেডি