প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:৫০ এএম
রশিদ খানের দাপট নতুন করে প্রমাণিত হলো আরও একবার। ছবি : সংগৃহীত টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদ খানের দাপট নতুন করে প্রমাণিত হলো আরও একবার। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন আফগানিস্তানের এই লেগস্পিনার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে একটি উইকেট নিয়েই ইতিহাসের পাতায় নাম লেখান তিনি।
ম্যাচে নিজের চার ওভারে ২৯ রান খরচ করেন রশিদ। নবম ওভারে জিম্বাবুয়ের উইকেটকিপার ব্যাটার তাদিওয়ানাশে মারুমানিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছান আফগান অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার ২০০তম শিকার।
মাত্র ১২০ ম্যাচেই এই কীর্তি গড়েছেন ২৮ বছর বয়সি রশিদ। তার বোলিং গড় ১৩.৯৬, আর ইকোনমি রেট ৬.১৩। দীর্ঘদিন ধরেই এই সংস্করণে ব্যাটারদের জন্য আতঙ্ক হয়ে আছেন। এবার নারী-পুরুষ নির্বিশেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুইশ উইকেট নেওয়া প্রথম বোলার হয়ে নিজের শ্রেষ্ঠত্বের আরেকটি স্বাক্ষর রাখলেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট শিকারের দৌড়েও অনেক দিন ধরেই সবার ওপরে রশিদ। ২০২৫ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের টিম সাউদিকে ছাড়িয়ে এই সংস্করণের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। চলতি বছরের শুরুতে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৭০০ উইকেটের মাইলফলক পেরিয়ে শীর্ষস্থান দখল করেন আফগান এই স্পিনার।
এশিয়ার মাটিতেও রশিদের বোলিং রেকর্ড সমৃদ্ধ। মারুমানির উইকেটটি ছিল এশিয়ায় তার ১৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি শিকার। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতেই নিয়েছেন ৭৯টি উইকেট। ২০১৫ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল রশিদের।
এক দশকের পথচলায় নিজের ঘূর্ণি, নিয়ন্ত্রণ ও ধারাবাহিকতায় হয়ে উঠেছেন এই সংস্করণের অন্যতম সফল বোলার। সেই জিম্বাবুয়ের বিপক্ষেই এবার নতুন এক ইতিহাসের মাইলফলক ছুঁলেন তিনি।
সময়ের আলো/কেএইচও