
ক্রিকেটের সেরাদের স্বীকৃতি দিতে বার্ষিক পুরস্কার আয়োজনের ধরনে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফুটবলের ব্যালন ডি’অর কিংবা যুক্তরাষ্ট্রের এনএফএল অনার্সের আদলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি। দুই বছরের বিরতি শেষে ২০২৭ সালে ফিরবে আইসিসি অ্যাওয়ার্ড। সেখানে ২০২৫ ও ২০২৬ সালের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হবে।
এত দিন ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বার্ষিক পুরস্কার ঘোষণা করত আইসিসি। এবার ক্রিকেটের সেরা খেলোয়াড়, দল ও সংগঠকদের একই মঞ্চে এনে তাঁদের অর্জন উদযাপনের জন্য বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করতে চায় সংস্থাটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর কাছে আইসিসির একটি সূত্র নতুন আয়োজনের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছে। এ পরিকল্পনার অংশ হিসেবেই ২০২৫ সালের পুরস্কার ঘোষণা স্থগিত রাখা হয়েছিল।
আইসিসির এক মুখপাত্র *দ্য গার্ডিয়ান*কে বলেন, ‘বেশ কয়েক বছর ধরে আইসিসি তাদের বার্ষিক পুরস্কার ডিজিটাল মাধ্যমে দিয়ে আসছে। তবে এই আয়োজনটি কেমন হওয়া উচিত এবং এর মাধ্যমে কী অর্জন করা সম্ভব, তা নতুন করে ভাবার জন্য আমরা সচেতনভাবেই ২০২৫ সালের আয়োজন পিছিয়ে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘এই পুনর্বিবেচনার ফল হিসেবে আমরা এখন আইসিসি অ্যাওয়ার্ডের নতুন একটি কাঠামো তৈরির কাজ করছি। ২০২৭ সালে এটি ফিরবে এবং ২০২৫-২৬ সালকে একটি মৌসুম হিসেবে বিবেচনা করা হবে। ক্রিকেটের সেরা খেলোয়াড়, দল ও অর্জনগুলো উদযাপনের জন্য আরও বিস্তৃত ও অর্থবহ আয়োজনের মঞ্চ তৈরি করাই আমাদের লক্ষ্য।’
আইসিসির এই উদ্যোগের লক্ষ্য পুরস্কার আয়োজনের মর্যাদা ও গুরুত্ব বাড়ানো। তবে নতুন অনুষ্ঠানের ধরন, ভেন্যু, পুরস্কারের বিভাগ এবং বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি সংস্থাটি।
সময়ের আলো/টিকে