শিশুদের শিক্ষা ও চরিত্র গঠনে ভয়ভীতি বা শারীরিক শাস্তির পরিবর্তে স্নেহ, ভালো ব্যবহার এবং শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রখ্যাত আলেম, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জ্যেষ্ঠ নেতা ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. সাজ্জাদ নোমানি। সম্প্রতি বাংলাদেশ সফরকালে আস-সুন্নাহ ফাউন্ডেশনের আমন্ত্রণে দেশের আলেমদের নিয়ে এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, অনেক ইংরেজি মাধ্যম বা আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে স্নেহ, সম্মান ও বিভিন্ন ইতিবাচক পদ্ধতি অনুসরণ করা হয়। অথচ কিছু মাদরাসায় এখনও শিক্ষার্থীদের শাসনের নামে মারধর, ভয়ভীতি প্রদর্শন কিংবা কঠোর আচরণের অভিযোগ শোনা যায়। এমন পরিবেশ একটি শিশুর স্বাভাবিক বিকাশ ও শিক্ষার আগ্রহকে ক্ষতিগ্রস্ত করে।
ড. সাজ্জাদ নোমানি বলেন, শিশুদের ভয় দেখিয়ে নয়; বরং ভালো ব্যবহার, আন্তরিকতা এবং সন্তানতুল্য মমতা দিয়ে শিক্ষা দিতে হবে। একজন শিক্ষক যখন শিক্ষার্থীদের আপন সন্তানের মতো ভালোবাসবেন, তখনই তারা আত্মবিশ্বাসী, নৈতিক ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠবে।
তিনি আরও বলেন, এ ধরনের নেতিবাচক চিত্র পুরো মাদরাসা শিক্ষাব্যবস্থার প্রতিচ্ছবি নয়। বাংলাদেশসহ উপমহাদেশের অধিকাংশ মাদরাসায় নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিশু নির্যাতনের ঘটনা কিংবা অমানবিক আচরণ কিছু বিচ্ছিন্ন প্রতিষ্ঠানে সীমাবদ্ধ এবং এমন শিক্ষকের সংখ্যাও খুবই কম। সভায় উপস্থিত আলেমরা শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্নেহময় ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং এ ধরনের ইতিবাচক উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন।
সময়ের আলো/আআ