অস্ট্রেলিয়ার মাটিতে প্রায় ২ যুগ পর টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। গুরুত্বপূর্ণ এ সফরের আগে জাতীয় দলের জন্য এলো বড় স্বস্তির খবর। চোট কাটিয়ে প্রথম টেস্ট থেকেই দলে ফিরছেন অভিজ্ঞ উইকেটকিপর-ব্যাটার লিটন কুমার দাস। তার এ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে অস্ট্রেলিয়া সফরের শুরুতেই শক্তি বাড়ল বাংলাদেশের ব্যাটিং বিভাগে।
শুক্রবার (৩১ জুলাই) রাতে জাতীয় দলের প্রথম বহর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ে। শনিবার এক বিবৃতিতে লিটনকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগেই দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
বাম পায়ের পেছনের দিকের পেশিতে চোটের কারনে গত জুন থেকে মাঠের বাইরে ছিলেন লিটন। প্রাথমিক চিকিৎসা ও শারীরিক পরীক্ষার পর ধারণা করা হয়েছিল, তার সুস্থ হয়ে ফিরতে প্রথম টেস্ট শেষ হয়ে যেতে পারে। সেই কারণেই শুরুতে ঘোষিত স্কোয়াডে তার নাম রাখা হয়নি।
তবে পুনর্বাসন প্রক্রিয়ায় প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে ওঠেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। চিকিৎসক ও দলের চিকিৎসা বিভাগের ইতিবাচক মূল্যায়নের পর তাকে প্রথম টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় বিসিবি।
আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম লড়াই। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায়।
মূল সিরিজের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে আগামী ৬ আগস্ট ডারউইনের ডিএক্সসি এরেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখেই ধীরে ধীরে পূর্ণ শক্তির দল গড়ে তুলছে টিম ম্যানেজমেন্ট।
লিটনের প্রত্যাবর্তনে বাংলাদেশের টেস্ট স্কোয়াড এখন আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলে রয়েছেন- সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, অমিত হাসান, জাকের আলি অনিক, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি এবং মুশফিক হাসান। অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে এই দল নিয়েই দীর্ঘ প্রতীক্ষিত টেস্ট সিরিজে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য বাংলাদেশের।
সময়ের আলো/কেএইচও