প্রার্থী চূড়ান্তের দায়িত্ব পেলেন তারেক রহমান

সাব্বির আহমেদ

জাতীয়

ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকেও দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ক্ষমতাসীন দল বিএনপি।

2026-08-02T00:29:55+00:00
2026-08-02T00:29:55+00:00
 
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬
জাতীয়
নতুন রাষ্ট্রপতির খোঁজে বিএনপি
প্রার্থী চূড়ান্তের দায়িত্ব পেলেন তারেক রহমান
সাব্বির আহমেদ
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:২৯ এএম 
ছবি : সংগৃহীত
ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকেও দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ক্ষমতাসীন দল বিএনপি। তবে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী নির্বাচন এবং নির্বাচনসংক্রান্ত সব সিদ্ধান্তের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা।

শনিবার রাত সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নির্বাচন, নির্বাচন কবে হবে—এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে।’

রাষ্ট্রপতি পদে সম্ভাব্য কোনো নাম নিয়ে আলোচনা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ বিষয়ে কোনো নাম নিয়ে আলোচনা হয়নি। আইন অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনও প্রস্তুতির কথা জানিয়েছে। তারা তফসিল ঘোষণা করলে দলের প্রার্থী কে হবেন, সে সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান।’

দলীয় সূত্র জানায়, বৈঠকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, স্থানীয় সরকার নির্বাচন, সাংগঠনিক বিষয় এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার ঘটনাও আলোচনায় আসে। এ ঘটনায় কারও বাড়াবাড়ি থাকলে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড।

স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, তেল-গ্যাসের মূল্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘এই মুহূর্তে সরকারের গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।’

তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি অতীতের ফ্যাসিবাদী শাসনব্যবস্থার প্রভাবের কথাও তুলে ধরেন।

স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের প্রস্তাবও এসেছে বৈঠকে। বিএনপির পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে নির্বাচন শুরু হয়ে আগামী বছরের মার্চের মধ্যে সব ধাপের ভোটগ্রহণ শেষ হতে পারে। সূত্র জানায়, প্রার্থী মনোনয়ন ও সমর্থনের জন্য একটি অভিন্ন মানদণ্ড নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রতিটি স্তরে একক প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হবে থানা ও জেলা বিএনপিকে। তারা ব্যর্থ হলে বিভাগীয় নেতারা বিষয়টি সমন্বয় করবেন।

বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, ‘রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। কে ভবিষ্যতে রাষ্ট্রপতি হতে পারেন, এ বিষয়ে আলোচনা হওয়াটা খুবই স্বাভাবিক।’

আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি অন্তর্বর্তী সরকারের সময় থেকেই উঠেছিল। অভ্যুত্থানপন্থী কয়েকটি সংগঠনের আন্দোলনের মুখেও তিনি তখন পদত্যাগ করেননি। তবে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন তিনি।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পাঁচ মাস পর, গত ২২ জুলাই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। দুই দিন পর, ২৪ জুলাই ‘শারীরিক ও মানসিক সক্ষমতা না থাকার’ কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

মেয়াদের প্রায় পৌনে দুই বছর বাকি থাকতে তাঁর পদত্যাগের পর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। তবে এর আগেও যে-কোনো সময় নির্বাচন আয়োজন করা সম্ভব।

এ প্রসঙ্গে সেপ্টেম্বরের নির্ধারিত সংসদ অধিবেশন আরও আগে আহ্বানের প্রস্তাবও উঠে আসে স্থায়ী কমিটির বৈঠকে। নীতিনির্ধারকদের মতে, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর পরপরই, অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সংসদের অধিবেশন ডাকা যেতে পারে। অধিকাংশ সদস্য এ প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করে বিএনপির পার্লামেন্টারি বোর্ডকে জানিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে বিএনপির ভেতরে ও বাইরে সম্ভাব্য প্রার্থী হিসেবে কয়েকজনের নাম আলোচনায় এসেছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. জাহিদ হোসেন।


সময়ের আলো/এসএকে


  বিষয়:   প্রার্থী চূড়ান্তের দায়িত্ব চেয়ারম্যানের হাতে 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: