নওগাঁয় ডিলারের বিরুদ্ধে সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁয় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়ের (ওএমএস) গম পেষাই ডিলার মেসার্স মদিনা ফ্লাওয়ার মিলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। গত ১ জুলাই

2026-08-02T15:27:25+00:00
2026-08-02T15:28:59+00:00
 
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬
সারাদেশ
নওগাঁয় ডিলারের বিরুদ্ধে সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৩:২৭ পিএম  আপডেট: ০২.০৮.২০২৬ ৩:২৮ পিএম
মেসার্স মদিনা ফ্লাওয়ার মিল। ছবি : সময়ের আলো
নওগাঁয় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়ের (ওএমএস) গম পেষাই ডিলার মেসার্স মদিনা ফ্লাওয়ার মিলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। গত ১ জুলাই খাদ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর একই অভিযোগ পত্রে ৫ জন ব্যক্তি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি আমলে নিয়ে ১২ জুলাই উপপরিচালক মো. আফিফ-আল-মাহমুদ ভুঁঞা স্বাক্ষরিত পত্রে তদন্ত করতে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া,নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ আরও দুই দফতরে অনুলিপি পাঠানো হয়েছে।

অভিযোগকারীরা হলেন- নওগাঁ শহরের বাসিন্দা শহিদুল ইসলাম সোহাগ, মো. সবুজ হোসেন, আলম হোসেন, আব্দুর রশিদ ও আব্দুর রকিব।

অভিযোগ সূত্রে জানা যায়- নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরে ওএমএস কার্যক্রমে গম পেষাইয়ের জন্য বেসরকারি ময়দা মিল মেসার্স মদিনা ফ্লাওয়ার মিল হিসাবে তালিকাভুক্ত। মিলের অফিসটি শহরের ডাবপট্টি এবং ময়দা মিলটি শহরের আরজি-নওগাঁয় অবস্থিত। ওএমএস কার্যক্রম পরিচালনার জন্য মিলটি প্রতি মাসে প্রায় ১৪৫ টন সরকারি বরাদ্দকৃত গম গুদাম থেকে সংগ্রহ করে। কিন্তু সরকারি বরাদ্দকৃত গম ভালো মানের হওয়ায়, তারা তা বেশি দামে অন্যত্র বিক্রি করে। আবার অন্য কোনো মাধ্যম হতে নিম্নমানের গম সংগ্রহ করে, তা পেষাই করা হয়। এরপর ওএমএসের নির্ধারিত চাল ও আটা বিক্রির ডিলারদের কাছে নিম্নমানের আটা সরবরাহ করা হয়। আটার গুণগত মান নিয়ে মিলারকে অবহিত করা হলে, অভিযোগকারীদের সঙ্গে খারাপ ব্যবহার করাসহ হুমকি প্রদান করা হয়।

মেসার্স মদিনা ফ্লাওয়ার মিল। ছবি : সময়ের আলো

মেসার্স মদিনা ফ্লাওয়ার মিল। ছবি : সময়ের আলো


মঙ্গলবার (২৮ জুলাই) সরেজমিনে আরজি-নওগাঁয় মেসার্স মদিনা ফ্লাওয়ার মিলে দেখা যায়- খাদ্য গুদাম থেকে চটের বস্তায় যে গম সরবরাহ করা হয়েছে, তা মিলে স্তূপ করে রাখা হয়েছে। পাশে প্লাস্টিকের বস্তায় তাদের নিজেদের গম রয়েছে। গুদাম থেকে যে গম সরবরাহ করা হয়েছে, তা অনেকটা ভালো মানের। তবে, তাদের নিজেস্বভাবে সংগ্রহ বা ব্যবসার জন্য নিয়ে আসা গম কালো এবং কিছুটা নিম্নমানের।

অভিযোগকারী শহিদুল ইসলাম সোহাগ ও মো. সবুজ হোসেন জানান, মেসার্স মদিনা ফ্লাওয়ার মিল থেকে সরবরাহ করা আটায় সমস্যা রয়েছে। এসব বিষয় নিয়ে ভোক্তারা ক্ষুব্ধ। এর প্রতিবাদ করায় তাদের হুমকি দেওয়া হয়েছে। তারা অভিযোগ করেছেন। কর্তৃপক্ষ অনিয়ম ও দুর্নীতি অভিযোগ আমলে নিয়ে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছেন তারা।

এ বিষয়ে মেসার্স মদিনা ফ্লাওয়ার মিলের মালিক পক্ষ আবু বক্কর সিদ্দিক বলেন, ‘খাদ্য গুদাম থেকে চালানের মাধ্যমে প্রতিকেজি গম ১৯ টাকা হিসেবে কেনা হয়। এরপর আটা তৈরি করে ওএমএস ডিলারের কাছে প্রতিকেজি ২১ টাকা ৫০ পয়সায় সরবরাহ করা হয়।’


অভিযোগের বিষয় ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, ‘গুদাম থেকে যে গম সরবরাহ করা হয়, সে গমের কিছুটা সমস্যা আছে। আমরা ব্যবসার জন্য যেসব আমদানিকৃত গম নিয়ে আসি, সেটা ভালো মানের এবং দামও বেশি। তাহলে কেন ওএমএসের গম বাজারে বিক্রি করব। আমাদের বিষয়ে যে অভিযোগ আনা হয়েছে, তা জানি না। তবে, মাঝেমধ্যে অফিস থেকে লোক এসে দেখে যান।’ 

নওগাঁ সদর উপজেলার খাদ্য গুদাম কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘সদর উপজেলায় ওএমএসের ১২ জন ডিলার আছে। এরমধ্যে একটি পয়েন্ট বন্ধ রয়েছে। খোলা বাজারে ডিলারের মাধ্যমে প্রতিদিন ২৪ টাকা কেজি দরে ৭৫০ কেজি আটা বিক্রি হয়। গম পেষাইয়ের তালিকাভুক্ত দুজন ডিলার আছে। ডিলাররা চালান দেয়। আমরা গুদাম থেকে গম সরবরাহ করে থাকি। কী ধরনের আটা সরবরাহ করা হয়, এটা দেখার দায়িত্ব আমার না। তবে, অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকারের অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। এছাড়া, তার মুঠো একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এসএম কায়ছার আলী বলেন, ‘এ ধরনের অভিযোগের বিষয়ে তদন্ত করার কোনো চিঠি আমার কাছে আসেনি। চিঠি পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   নওগাঁ  ডিলার  সরকারি  গম  আটা  অভিযোগ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: