ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় মহাসড়কে বৃষ্টি মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দশমিনা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পানিভর্তি খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
রোববার (২ আগস্ট) বিকেলে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।
বাসের এক যাত্রী অভিযোগ করেন, প্রবল বৃষ্টির মধ্যেও চালক দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় উদ্ধারকাজে অংশ নেন। এ সময় বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রবল বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সেটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সময়ের আলো/জোই