ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের দীর্ঘদিনের সম্পর্ক এবার বিয়ের পরিণতি পেতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার নিজ জন্মভূমি মাদেইরা দ্বীপে জর্জিনাকে বিয়ে করবেন পর্তুগিজ মহাতারকা রোনালদো।
প্রতিবেদন অনুযায়ী, ৪১ বছর বয়সী রোনালদো ও ৩২ বছর বয়সী স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে। স্থানীয় রীতি অনুসারে সেখানে বিয়ের অনুষ্ঠান সাধারণত বিকেল তিনটায় শুরু হয়। এরপর অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে শহরের বিলাসবহুল পাঁচ তারকা স্যাভয় প্যালেস হোটেলে।
এর আগে গুঞ্জন উঠেছিল, পর্তুগালের সিন্ত্রা শহরের বিখ্যাত কুইন্তা দা রেগালেইরা এস্টেটেই এ সপ্তাহান্তে বিয়ে করবেন এই তারকা জুটি। তবে পরে জানা যায়, নির্ধারিত সময়জুড়ে এস্টেটটি সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এরপর সেই জল্পনার অবসান ঘটে এবং মাদেইরায় বিয়ের নতুন তথ্য সামনে আসে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ‘দ্য সান’ জানিয়েছে, স্যাভয় প্যালেস হোটেলের অতিথিদের আগেই জানানো হয়েছে যে শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা ও কয়েকটি বার সাময়িকভাবে বন্ধ থাকবে। ধারণা করা হচ্ছে, বিয়ের অনুষ্ঠান এবং অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফুনচাল শুধু বিয়ের ভেন্যুই নয়, রোনালদোর জীবনের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। শহরে তার সম্মানে একটি ব্রোঞ্জের ভাস্কর্য রয়েছে, এমনকি তার নামে একটি হোটেলও আছে।
আজ বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ হলেও রোনালদোর শৈশব ছিল সংগ্রামের। ছোটবেলায় ভাইবোনদের সঙ্গে একটি ঘর ভাগাভাগি করে থাকতে হতো। মাত্র ১১ বছর বয়সে পরিবার ছেড়ে স্পোর্টিং লিসবনের একাডেমিতে যোগ দিতে লিসবনে চলে যান তিনি। তাই জন্মভূমিতে ফিরে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি উদ্যাপনের সিদ্ধান্ত তার জন্য বিশেষ আবেগেরও।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। ২০১৬ সালে একটি বিলাসবহুল ফ্যাশন স্টোরে কাজ করার সময় জর্জিনার সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় থেকেই শুরু হয় তাদের প্রেমের সম্পর্ক। গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো।
সম্প্রতি স্পেনের মায়োর্কায় একটি ইয়টে ওঠার সময় দুজনকেই হীরার আংটি পরা অবস্থায় দেখা যায়, যা তাদের বিয়ের গুঞ্জন আরও জোরালো করে।
এর আগে বিশ্বকাপ শেষ হওয়ার পর বিয়ে করবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। গত মাসে বিশ্বকাপ থেকে পর্তুগাল বিদায় নেওয়ার পর এবং স্পেন শিরোপা জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হলে, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন রোনালদো ও জর্জিনা।
সময়ের আলো/আআ