আমার দফতরের দরজা সবার জন্য উন্মুক্ত

মামুন হোসেন

খেলা

জাতীয় দলের তারকা ফুটবলার থেকে সফল সংগঠক, ব্যবসায়ী, রাজনীতিবিদ সবশেষ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক ক্রীড়া- অনেক পরিচয়ে পরিচিত জাহেদ

2026-08-03T04:38:36+00:00
2026-08-03T04:38:36+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
খেলা
আমার দফতরের দরজা সবার জন্য উন্মুক্ত
মামুন হোসেন
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:৩৮ এএম 
ছবি : সংগৃহীত
জাতীয় দলের তারকা ফুটবলার থেকে সফল সংগঠক, ব্যবসায়ী, রাজনীতিবিদ সবশেষ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক ক্রীড়া- অনেক পরিচয়ে পরিচিত জাহেদ পারভেজ চৌধুরী। এক বছরের চুক্তিতে এনএসসির পরিচালক মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলার হাটহাজারীর এ গর্বিত সন্তান। ১৯ জুলাই নতুন দায়িত্বের চিঠি পেলেও গতকাল আনুষ্ঠানিকভাবে নিজ দফতরে যোগ দিয়ে ব্যস্ততায় সময় পার করেন। কর্মব্যস্ত দিনে সহকর্মীদের শুভেচ্ছায় যেমন সিক্ত হয়েছেন, তেমনি জাতীয়তাবাদী ক্রীড়া দল থেকে শুরু করে সাবেক তারকা ফুটবলার, বিভিন্ন ফেডারেশনের কর্তাব্যক্তিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বিনিময়ের এক ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ক্রীড়া পরিষদের নতুন পরিচালক জাহেদ পারভেজ। 

দায়িত্বগ্রহণের প্রথম দিনেই নিজের কর্মপরিকল্পনার কথা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জাহেদ পারভেজ। তার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশের সফল রাষ্ট্রনায়ক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া, ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধাজ্ঞাপন করেন জাহেদ পারভেজ। সরকারের ক্রীড়া উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নই হবে তার প্রধান অগ্রাধিকার। 

এ ব্যাপারে তিনি বলেন, এনএসসি ফেডারেশনের সঙ্গে কো-অর্ডিনেট করবে এবং তাদের পরিকল্পনা জানতে চাইবে- আগামী এক বছর, দুবছর, তিন বছর, চার বছর ওদের পরিকল্পনা কী রয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের যে সরকারি পরিকল্পনা রয়েছে, তাদের সঙ্গে কো-অর্ডিনেট করে আমরা সম্মিলিত একটা পরিকল্পনা দাঁড় করাব এবং সে লক্ষ্যে কাজ করে যাব। অন্যায়, দুর্নীতিতে এক চুল ছাড় দেওয়া হবে না। 

দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করে জাহেদ পারভেজ জানান, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কাজ করবেন এবং দুর্নীতির বিরুদ্ধে থাকবে ‘জিরো টলারেন্স’ নীতি। অতীতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলোও খতিয়ে দেখা হবে বলে উল্লেখ করেন। এনএসসিতে পূর্বে ক্রীড়া পরিচালকদের সঙ্গে গণমাধ্যম কিংবা খেলোয়াড়দের যোগাযোগ প্রক্রিয়া যে সহজ ছিল না, সেটা মনে করিয়ে দিতে নতুন পরিচালক বলেন, এটা আর হবে না। আমার দফতর সবার জন্য উন্মুক্ত। সবার অভিযোগ আমরা শুনব, খতিয়ে দেখব তারপর বিধি অনুযায়ী কাজ করব।

জাহেদ পারভেজ এনএসসির পরিচালক হিসেবে মনোনীত হওয়ায় যারপরনাই আনন্দিত বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক আখতার জামান। তিনি বলেন, ক্রীড়াঙ্গনে আমরা দুজন তুখোড়, কর্মঠ, পরিশ্রমী, সৎ এবং স্বচ্ছ মানুষ পেয়েছি। প্রতিমন্ত্রী আমিনুল হক এবং এনএসসির নবনিযুক্ত পরিচালক স্পোর্টস জাহেদ পারভেজ চৌধুরী। আশা করি তাদের হাত ধরে দেশের ক্রীড়াঙ্গন তার সর্বোচ্চ শিখরে উঠবে। তারা হলেন আমাদের কাজের অনুপ্রেরণা। তাদের সহযোগিতায় দেশের রাগবিকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই, এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।

জাহেদ পারভেজের নতুন দায়িত্বে খুশি ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল। সময়ের আলোকে তিনি বলেন, জাহেদ ভাই অত্যন্ত দক্ষ এবং চৌকশ সংগঠক। আমাদের অভিভাবক হিসেবে তিনি এনএসসিতেও দুর্দান্ত কাজ করবেন। তার সহযোগিতায়, পরামর্শে আমরা প্যারা স্পোর্টসকে এগিয়ে নিতে কাজ করব। আমাদের প্যারালিম্পিকে একজন সৎ, যোগ্য সভাপতি আছেন, আমাদের কমিটিতে আরও মেধাসম্পন্নরা আছেন। সবাই মিলে জাহেদ পারভেজ ভাইয়ের নির্দেশনাক্রমে আমরা কাজ করে যাব। দেশের ক্রীড়াঙ্গন বিশেষ করে প্রতিবন্ধী খেলোয়াড়দের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব।

একই সুরে সুর মেলান এবং নতুন পরিচালককে ধন্যবাদ জ্ঞাপন করেন মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তারকা শুটার শারমিন আক্তার রত্না এবং সাবেক তারকা শুটার ও মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাবরিনা সুলতানা, সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম, ব্যাডমিন্টন ফেডারেশনের যুগ্ম-সম্পাদক ও সাবেক তারকা শাটলার এলিনা সুলতানা, এক সময়কার সাড়া জাগানো ফুটবলার ও বাংলাদেশ হকি ফেডারেশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান ডন, সাবেক দাবাড়ু ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পরাগ, সুইমিং ফেডারেশনের সদস্য ও তারকা সাঁতারু মাহফুজা আক্তার তানিয়াসহ আরও অনেকেই। 

সময়ের আলো/এসএকে


  বিষয়:   দফতর  দরজা  উন্মুক্ত  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: