নাম বদলে আবার সক্রিয় কালো তালিকাভুক্ত বিএস টেকনিক্যাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে নিরাপত্তা ছাড়পত্র বাতিল এবং কালো তালিকাভুক্ত হওয়া প্রতিষ্ঠান বিএস টেকনিক্যাল সার্ভিসেস নিজ প্রতিষ্ঠানের নাম ও কার্যক্রমের

2026-08-03T13:17:23+00:00
2026-08-03T13:17:23+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
জাতীয়
নাম বদলে আবার সক্রিয় কালো তালিকাভুক্ত বিএস টেকনিক্যাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:১৭ পিএম 
ছবি : সংগৃহীত
দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে নিরাপত্তা ছাড়পত্র বাতিল এবং কালো তালিকাভুক্ত হওয়া প্রতিষ্ঠান বিএস টেকনিক্যাল সার্ভিসেস নিজ প্রতিষ্ঠানের নাম ও কার্যক্রমের ধরন বদলে আবারও বড় বড় প্রকল্পে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার ও দুর্নীতিবিরোধী পদক্ষেপ নেওয়া হলেও নিরাপত্তা-সংশ্লিষ্ট উচ্চমূল্যের ক্রয় ও প্রযুক্তি সহযোগিতা প্রকল্পে এখনও ভিন্ন নামে সক্রিয় রয়েছে বিএস টেকনিক্যাল সার্ভিসেস।  প্রতিষ্ঠানটি কার্যালয় পরিবর্তন এবং ভিন্ন প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে চীনের সঙ্গে সম্ভাব্য প্রায় ৩০ হাজার কোটি টাকার জে-১০সিই যুদ্ধবিমান সংগ্রহ প্রকল্প এবং ৬০৮ কোটি টাকার ড্রোন উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

খোজ নিয়ে জানা গেছে, কাগজে-কলমে বিএস টেকনিক্যাল সার্ভিসেস-এর মালিক গ্রুপ ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ আলমগীর। তবে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকের প্রভাববলয়ের মধ্যে পরিচালিত হয়েছে। বিভিন্ন আর্থিক লেনদেনে তাঁর স্ত্রী শাহীন সিদ্দিকের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। 

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, বিএস টেকনিক্যালের বিরুদ্ধে সরকারি ক্রয়বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, উন্মুক্ত দরপত্র ছাড়াই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষিত অ্যাপ্রন এলাকায় টেকনিক্যাল সার্ভিস কমপ্লেক্স স্থাপনের সুযোগ পায় বিএস টেকনিক্যাল সার্ভিসেস। যুক্তরাজ্যভিত্তিক স্টার্ম এভিয়েশন লিমিটেড-এর সঙ্গে যৌথভাবে পরিচালিত ওই স্থাপনা থেকে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল-সংক্রান্ত সেবাও দেওয়া হয়েছে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিতর্কিত কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সরকারি নথি অনুযায়ী, তালিকাভুক্ত নম্বর-৭৯ হিসেবে বিএস টেকনিক্যাল সার্ভিসেসের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হয় এবং প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করা হয়। একই সময়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তারেক আহমেদ সিদ্দিক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে এবং বিএফআইইউ তাঁদের কয়েকটি ব্যাংক হিসাব জব্দ করে।

অনুসন্ধানে জানা গেছে, কালো তালিকাভুক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটি আগের কার্যালয় গুটিয়ে মিরপুর ডিওএইচএসের একটি নতুন ঠিকানায় কার্যক্রম পরিচালনা করছে। সেখানে 'মেসার্স নর্দার্ন ব্রাদার্স' নামের প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একই ভবনের একাধিক কক্ষ থেকে পুরোনো কর্মকর্তারা এখনও বিভিন্ন প্রকল্পের সমন্বয় করছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।

সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী ও চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিইটিসি-এর মধ্যে ৬০৮ কোটি ৮ লাখ টাকার ড্রোন উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তর (টিওটি) প্রকল্প অনুমোদন পেয়েছে। এছাড়া, চীন থেকে ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাব্য প্রকল্প বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

অনুসন্ধানে পাওয়া নথিতে দেখা যায়, চীনের সিএটিআইসি-এর সঙ্গে বিএস টেকনিক্যাল সার্ভিসেসের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ফলে নতুন এই প্রকল্পেও প্রতিষ্ঠানটি সম্পৃক্ত হতে চেস্টা চালিয়ে যাচ্ছে, এমন অভিযোগ উঠেছে।

সংশ্লস্টরা বলছেন, কোনো প্রতিষ্ঠান একবার সরকারি নিরাপত্তা মূল্যায়নে অযোগ্য বিবেচিত হলে সেই প্রতিষ্ঠান নাম পরিবর্তন করে একই ধরনের প্রকল্পে সম্পৃক্ত হওয়ার যোগ্যতা হারান। নিরাপত্তা-সংশ্লিষ্ট বড় প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

তবে নিজেদের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছে বিএস টেকনিক্যাল। নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানিটির এক কর্মকর্তা বলেন, আওয়ামীলীগ সরকারের পতনের পর একটা সিন্ডিকেট আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যা দিয়ে আমাদের কাটগড়ায় দাঁড় করানো যায়। আমরা রাষ্ট্রীয় এমন কোনো ক্রয় কার্যক্রমেও যুক্ত নই।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  বিএস টেকনিক্যাল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: