সনাতন ধর্মাবলম্বীদের গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য, শঙ্খধ্বনি, হর-হর মহাদেব ধ্বনি এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আলমডাঙ্গায় উদযাপিত হয়েছে বাবা শিবের ৩৬তম মহা পুণ্যস্নান।
সোমবার (৩ আগস্ট) নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা, প্রার্থনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবটি সম্পন্ন হয়।
এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮টায় আলমডাঙ্গা রথতলার চারতলা মোড়স্থ শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির থেকে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দধাম কালীবাড়ী ঘাটে পৌঁছে। সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী বাবা শিবের মহা পুণ্যস্নান সম্পন্ন করা হয়। পরে শোভাযাত্রাটি পুনরায় শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দিরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, নামযজ্ঞ পরিষদের সভাপতি বিজয় কুমার লাল মোদি, সাংগঠনিক সম্পাদক কালু ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডা. অমল কুমার বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বজিৎ সাধু খাঁ, পলাশ আচার্য, অশ্বিনী পরামানিক, পবন কুমার ভৌতিকা, মহেশ কুমার ভৌতিকা, অসীম সাহা, মদন সাহা, অমিত কুমার ভৌতিকা, সুমিত কুমার ভৌতিকা, কাশিয়া কুমার আগরওয়ালা, সুশান্ত রায়সহ আলমডাঙ্গার বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ।
শিবের মহা পুণ্যস্নান উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় এবং হিন্দু যুব সম্প্রদায়, আলমডাঙ্গার সহযোগিতায় আয়োজিত এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোর থেকেই ভক্তরা মন্দিরে এসে বাবা শিবের পূজা, অর্চনা, অভিষেক, বিল্বপত্র, দুধ, দই, মধু, ঘি ও গঙ্গাজল নিবেদনের মাধ্যমে মহাদেবের আশীর্বাদ কামনা করেন। অনেকেই উপবাস পালন করে প্রার্থনায় অংশ নেন এবং নিজেদের, পরিবার, দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি, শান্তি ও মঙ্গল কামনা করেন।
ধর্মীয় আলোচনা সভায় বক্তারা বলেন, বাবা শিবের মহা পুণ্যস্নান শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তদের আত্মশুদ্ধি, ভক্তি, সংযম ও মানবকল্যাণের এক অনন্য প্রতীক। এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করে।
শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, ভজন-কীর্তন এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। নারী, পুরুষ, শিশু ও প্রবীণ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের মহাপুণ্যস্নান উৎসব প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
সময়ের আলো/মহু