আসন্ন শিক্ষাবর্ষেও উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। অর্থাৎ, আগের মতো এবারও কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে সম্পূর্ণ ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এবারও একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন আসছে না। বিগত বছরের মতো শুধুমাত্র ফল বা নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির নিয়ম বহাল রেখে নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
উল্লেখ্য : আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি শেষ না হওয়ায় তা কিছুটা পেছানো হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন।
সময়ের আলো/জোই