গ্রোথ পেইন শিশুর পায়ে ব্যথা

ডা. ওহী উদ্দিন সুমন

ফিচার

রাতের বেলা প্রায়ই অনেক শিশুই বলে ওঠে, ‘মা, আমার পা কামড়াচ্ছে, একটু টিপে দাও না!’ দিনভর টো টো করে দৌড়াদৌড়ি

2026-08-04T00:08:24+00:00
2026-08-04T00:08:24+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
ফিচার
গ্রোথ পেইন শিশুর পায়ে ব্যথা
ডা. ওহী উদ্দিন সুমন
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:০৮ এএম 
গ্রাফিক : সময়ের আলো
রাতের বেলা প্রায়ই অনেক শিশুই বলে ওঠে, ‘মা, আমার পা কামড়াচ্ছে, একটু টিপে দাও না!’ দিনভর টো টো করে দৌড়াদৌড়ি করা শিশুটি হঠাৎ সন্ধ্যার পর বা ঘুমাতে যাওয়ার সময় পায়ের ব্যথায় কেঁদে ওঠে। তখন মা-বাবা চিন্তায় পড়ে যান, কোনো বড় অসুখ হলো না তো? আমার চেম্বারে এমন অনেক উদ্বিগ্ন অভিভাবক আসেন। অধিকাংশ ক্ষেত্রেই এই ব্যথার আড়ালে লুকিয়ে থাকে একটি অতি পরিচিত বিষয়, যাকে আমরা বলি ‘গ্রোথ পেইন’ বা বর্ধনশীল বয়সের ব্যথা।

গ্রোথ পেইন কী?

গবেষণায় দেখা গেছে হাড়ের দ্রুত বৃদ্ধির সঙ্গে এই ব্যথার সরাসরি কোনো সম্পর্ক নেই। সাধারণত ৩ থেকে ১২ বছর বয়সি শিশুদের মধ্যে এই ব্যথা বেশি দেখা যায়। এটি কোনো স্থায়ী রোগ বা হাড়ের বিকৃতি নয়, বরং শিশুদের পেশির একটি সাময়িক প্রতিক্রিয়া।

কেন হয় এই ব্যথা?

দিনের বেলা শিশুরা যখন অতিরিক্ত দৌড়াদৌড়ি, লাফঝাঁপ বা খেলাধুলা করে, তখন তাদের পায়ের পেশি ও লিগামেন্টের ওপর প্রচুর চাপ পড়ে। দিনের বেলা ক্লান্তির কারণে ব্যথা বোঝা না গেলেও রাতে শরীর যখন শান্ত হয়, তখন পেশির সেই ক্লান্তি ও টানটান ভাব ব্যথায় রূপ নেয়।

গ্রোথ পেইন বোঝার উপায়গুলো

সব পায়ের ব্যথাই কিন্তু গ্রোথ পেইন নয়। এটি চেনার কিছু নির্দিষ্ট ধরন রয়েছে। ব্যথা সাধারণত দুই পায়েই হয়। বিশেষ করে উরুর সামনে, হাঁটুর পেছনের পেশিতে এই ব্যথা বেশি অনুভূত হয়। হাড়ের জয়েন্ট বা গিঁটে সাধারণত ব্যথা হয় না। এই ব্যথা মূলত বিকাল, সন্ধ্যা বা রাতে শুরু হয়। অনেক সময় ব্যথার চোটে শিশুর ঘুম ভেঙে যায়।

সবচেয়ে মজার ব্যাপার হলো, রাতে যতই কান্না করুক না কেন, সকালে ঘুম থেকে ওঠার পর শিশু একদম ভালো হয়ে যায়। ব্যথার কোনো চিহ্নই থাকে না এবং সে স্বাভাবিকভাবে হাঁটাচলা ও খেলাধুলা করতে পারে। তবে এটি প্রতিদিন হয় না। সপ্তাহে বা মাসে কয়েকবার হতে পারে এবং ব্যথার তীব্রতা একেক দিন একেক রকম হয়।

মা-বাবার করণীয়

গ্রোথ পেইন হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিছু সাধারণ ঘরোয়া পরিচর্যাতেই শিশু আরাম পাবে। যেমন-
হালকা ম্যাসাজ : ব্যথার জায়গায় আলতো হাতে তেল বা লোশন দিয়ে মালিশ করে দিলে রক্ত চলাচল বাড়ে এবং পেশি শিথিল হয়। শিশুরা এতে খুব আরাম পায়।
হালকা গরম সেঁক : হট ওয়াটার ব্যাগ বা হালকা গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ব্যথার স্থানে সেঁক দেওয়া যেতে পারে।
স্ট্রেচিং বা ব্যায়াম : ঘুমানোর আগে শিশুকে পায়ে হালকা স্ট্রেচিং বা ব্যায়াম করালে পেশির নমনীয়তা বাড়ে।
পর্যাপ্ত পানি ও সুষম খাদ্য : অনেক সময় শরীরে ক্যালসিয়াম বা ভিটামিন ‘ডি’ এর ঘাটতি থাকলে পেশিতে ক্র্যাম্প হতে পারে। তাই শিশুকে নিয়মিত দুধ, ডিম, সবুজ শাকসবজি এবং পর্যাপ্ত পানি খাওয়াতে হবে।
পেইন কিলার ব্যবহারে সতর্কতা : চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন জাতীয় ব্যথানাশক ওষুধ খাওয়ানো একদম অনুচিত। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ‘অ্যাসপিরিন’ জাতীয় ওষুধ একেবারেই নিষিদ্ধ।

কখন চিকিৎসকের কাছে যাবেন? 

গ্রোথ পেইন ক্ষতিকর না হলেও কিছু লক্ষণ দেখলে বুঝতে হবে এটি সাধারণ ব্যথা নয়, অন্য কোনো জটিল রোগ ( যেমন- জুভেনাইল আর্থ্রাইটিস, ইনফেকশন বা হাড়ের সমস্যা )।
ব্যথা কেবল এক পায়েই সীমাবদ্ধ থাকে এবং প্রতিদিন হয়।
ব্যথার সঙ্গে শিশুর প্রচণ্ড জ্বর থাকে।
পায়ের কোনো জয়েন্ট বা গিঁট ফুলে যায়, লাল হয়ে যায় বা গরম হয়ে থাকে।
সকালবেলা ঘুম থেকে ওঠার পর পা সোজা করতে কষ্ট হয় বা শিশু খুঁড়িয়ে হাঁটে।
শিশুর ওজন অস্বাভাবিকভাবে কমতে থাকে এবং সবসময় ক্লান্ত লাগে।
পায়ে হাত দিলেই শিশু তীব্র ব্যথায় চিৎকার করে ওঠে।
শিশুর গ্রোথ পেইন বাড়ন্ত বয়সের একটি সাময়িক ও স্বাভাবিক বিষয়। এতে ভয়ের কিছু নেই। আপনার একটু বাড়তি মনোযোগ, আদর আর পায়ের আলতো মালিশই এই ব্যথা দূর করার সবচেয়ে বড় ওষুধ। 

তবে লক্ষণগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করুন; যদি সাধারণ নিয়মে ব্যথা না কমে, তবে একজন শিশু বিশেষজ্ঞ বা শিশু পডিয়াট্রিস্টের পরামর্শ নিন।

লেখক : শিশু বিশেষজ্ঞ

সময়ের আলো/জেডআই



  বিষয়:   গ্রোথ পেইন 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: