রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। মৃত দুইজন হলেন বাড্ডার মোটরসাইকেল চালক হাসান (৩০) ও ডেমরায় অজ্ঞাত (২৫) বছরের এক নারী।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে কোনো এক যানবাহনের ধাক্কায় আহত হয় ওই নারী। খবর পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ভোর সারে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
এদিকে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মধ্য বাড্ডা ইউর্টানের সামনে মোটরসাইকেল চালক হাসান (৩০) একটি যানবাহনের ধাক্কায় আহত হয়ে হন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা হাসানকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত হাসানের বাবা মো. মুন্না জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মির্জানগর গ্রামে। বর্তমানে বাড্ডা এলাকায় থাকতেন। হাসান মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন।
তিনি আরও জানান, রাতে মধ্য বাড্ডা এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় যানবাহনের ধাক্কায় আহত হয়ে রাস্তায় পড়ে ছিল হাসান। খবর পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশ তদন্ত করছে।
এদিকে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান জানান, ভোরে খবর পাই ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে সড়ক দুর্ঘটনায় এক নারী আহত হয়ে পরে আছে। দ্রুত ঘটনাস্থল থেকে ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
তিনি আরও জানান, ওই নারী পাগল প্রকৃতির ছিল একং এলাকায় ঘুরাফেরা করতেন। ভোরে কোনো এক যানবাহনের ধাক্কায় আহত হয়। তার মরদেহ ময়নাতদন্তের ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
সময়ের আলো/আআ