জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের বিভিন্ন দাবি তুলে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) প্রতিনিধিরা। তাদের দাবি, এ সময় জকসু ভিপি রিয়াজুল ইসলামকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে প্ল্যাকার্ড নিয়ে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন জকসু নেতারা।
জকসু সূত্র জানায়, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের সেবার মানোন্নয়নসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি প্ল্যাকার্ডের মাধ্যমে ইউজিসি চেয়ারম্যানের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে মিলনায়তনে প্রবেশের সময় তাদের বাধা দেওয়া হয়।
এ ঘটনায় জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলীম আরিফ, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফারুক, জবি ছাত্রশক্তির সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ এবং দৈনিক আমার সংবাদ-এর জবি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
জকসুর অভিযোগ, একপর্যায়ে তাদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় প্ল্যাকার্ড ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং তাদের ওপর হামলা চালানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ কয়েকজন নেতা মিলনায়তনে প্রবেশ করতে গেলে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল তাদের বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসানকেও ধাক্কা দেওয়ার ঘটনা দেখা যায়। পরে মিলনায়তনের গেট বন্ধ করে দেওয়া হয়।
জকসুর জিএস আব্দুল আলীম আরিফ ফেসবুকে অভিযোগ করেন, আমন্ত্রণ থাকা সত্ত্বেও তাদের অডিটোরিয়ামে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, প্রক্টর প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ ছিল কি না।
জকসু ভিপি রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং জকসুর প্রতিনিধিদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার বিচার এবং শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
তবে এ অভিযোগের বিষয়ে ছাত্রদল বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সময়ের আলো/কেএইচ