বার্নাব্যুর বন্ধনে আটকা ভিনি

ক্রীড়া ডেস্ক

খেলা

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তির ফলে

2026-08-08T03:57:44+00:00
2026-08-08T03:57:44+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
খেলা
বার্নাব্যুর বন্ধনে আটকা ভিনি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:৫৭ এএম 
ছবি : সংগৃহীত
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তির ফলে ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের জার্সিতেই খেলবেন তিনি। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের বিবৃতিতে বলা হয়, ভিনিসিয়ুস ও রিয়াল মাদ্রিদ চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। এর মাধ্যমে আগামী ছয় বছর ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন ২৬ বছর বয়সি এই ব্রাজিলিয়ান।

বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে মাদ্রিদে ফিরে অনুশীলনে যোগ দেওয়ার পর তার প্রতিনিধি দল ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে, আর সেখানেই চূড়ান্ত সমঝোতা হয়। চুক্তি নবায়নের আগে ভিনিসিয়ুসকে ঘিরে সবচেয়ে বেশি গুঞ্জন ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালকে নিয়ে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, চুক্তি না হলে রেকর্ড অঙ্কের প্রস্তাব দিয়ে তাকে দলে নেওয়ার পরিকল্পনা করেছিল গানাররা। ২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে কিশোর বয়সে রিয়ালে যোগ দেন ভিনিসিয়ুস। শুরুতে মানিয়ে নিতে সময় লাগলেও ধীরে ধীরে তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য তারকায় পরিণত হন। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭৫ ম্যাচে ১২৮ গোল করেছেন এবং ১০০টির বেশি গোলে সহায়তা করেছেন তিনি।


রিয়ালের হয়ে তার অর্জনের তালিকাও সমৃদ্ধ। জিতেছেন দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা, তিনটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, একটি কোপা দেল রে এবং তিনটি স্প্যানিশ সুপার কাপ। চ্যাম্পিয়ন্স লিগের দুটি ফাইনালেও গোল করে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ২০২৪ সালে ব্যালন ডি’অর ভোটে রানার্সআপ হওয়ার পাশাপাশি ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন এই ফরোয়ার্ড।

ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের দিনই আরও একটি বড় ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিওমান্দেকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি। প্রায় ১৪ কোটি ইউরো মূল্যের এই চুক্তি নতুন কোচ জোসে মরিনিয়োর অধীনে চলতি দলবদলে রিয়ালের ষষ্ঠ সাইনিং। এর আগে বের্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস, মার্ক কুকুরেয়া ও কার্লোস এসপিকেও দলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। 

একদিকে নতুন তারকাদের আগমন, অন্যদিকে ভিনিসিয়ুসের দীর্ঘমেয়াদি চুক্তি। সব মিলিয়ে ভবিষ্যতের দল গঠনের বার্তা স্পষ্ট করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির লক্ষ্য, আগামী কয়েক বছর ইউরোপীয় ফুটবলে নিজেদের আধিপত্য আরও শক্তভাবে প্রতিষ্ঠা করা।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বার্নাব্যুর  আটকা ভিনি  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: